ভাষাসৈনিক আবুল কাশেমের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। তাঁর সৃজনশীলতা ও দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভাষাসৈনিক আবুল কাশেমের ২১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে বরমা হাইস্কুল মাঠে গত ৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন ছিল চিত্রাঙ্কন, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং কবিগানের আসর। দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বৃত্তি ও পুরস্কার বিতরণ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য সরোজ সিংহ হাজারী। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক শিপন চন্দ দেবনাথ। স্বাগত বক্তব্য দেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা ঋতি নন্দী, রূপন নাথ ও নোমান বাহার। সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন গাছবাড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবু সাদেক মো. মুছা। বরমা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।