'ভিজা কাপুড়ে রাইত কাটাইছি'

‘বাড়ি থেকে যখন আশ্রয়কেন্দ্রে যাইয়া উঠি, তহন সকলের পরনের কাপুড় ভিজা আছেলে। কাপুড় পাল্টামু যে, হেই রহম কোনো পরিবেশ আছেলে না। কী করমু, বাধ্য অইয়া অনেকের মতো আমিও ভিজা কাপুড়ে রাইত কাটাইছি।’ কথাগুলো বলছিল পটুয়াখালী জেলার কুয়াকাটা উপজেলার হুইসেনপাড়া গ্রামের গৃহবধূ শামীমা আক্তার। ২০০৯ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর ঘরছাড়া হয় শামীমার পরিবার। তখন তাঁরা সপরিবারে এই আশ্রয়কেন্দ্রে ওঠেন। সে সময়ের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে ওপরের কথাগুলো বলে শামীমা।
ঘূর্ণিঝড় ‘আইলা’ যখন দক্ষিণ উপকূলে আঘাত হানে, তখন শামীমার বয়স ছিল ১০ বছর। এখন তাঁর বয়স ১৬ বছর। বিয়ে হয়েছে। স্বামী মো. নুরু মিয়া আর রায়হান নামে নয় মাস বয়সী এক ছেলেসন্তানকে নিয়ে থাকেন কুয়াকাটার হুইসেনপাড়া গ্রামে। বাবার বাড়ি কুয়াকাটা উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর গ্রামে।
১০ ডিসেম্বর কথা হয় শামীমার সঙ্গে। আইলার সময় প্রবল পানির চাপের কারণে বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে তাঁদের বসতঘরটি ডুবে যায়। ফলে কাঁথা-বালিশ, বাক্স-পেটরা নিয়ে শামীমা বাবা মো. জহিরুল ইসলাম, মা হালিমা বেগম আর ছোট দুই ভাই মহিবুল্লাহ ও ইয়াসিনের সঙ্গে দুই কিলোমিটার দূরের চাপলী বাজারের আশ্রয়কেন্দ্রে ওঠেন। পানির চাপ না কমায় তাঁদের এক দিন-এক রাত আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছিল।
শামীমার কাছ থেকে জানা যায়, আশ্রয়কেন্দ্রে বড় একটি কক্ষ ছিল। কক্ষটিতে কাউয়ারচর, গঙ্গামতি, চর ধুলাসার গ্রামের ক্ষতিগ্রস্ত নারী-পুরুষসহ শিশুরা আশ্রয় নিয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় আশ্রয়কেন্দ্রের সামনের বারান্দাতেও অনেককে থাকার জায়গা করে নিতে হয়। শামীমার পরিবারও বারান্দার এক কোনায় থাকার জায়গা খুঁজে পায়। এ জন্য প্রথমে কিছুটা স্বস্তি পেলেও, পরে উদ্বেগ-উৎকণ্ঠায় কাটে তাঁদের সময়। কারণ, আশ্রয়কেন্দ্রে নানা ধরনের ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে।
শামীমা বলে, ‘আশ্রয়কেন্দ্রের ভিতরে খালি একটা টয়লেট আছেল। পুরুষগো কারণে মাইয়ারা ওই টয়লেট ব্যবহার করার সুযোগই পায় নাই। একজন-দুইজন অইলে অয়। অন্তত চাইর-পাঁচ শ মানুষ। একজনের গার লগে আরেকজন ধাক্কা খায়, এই রহম অবস্থা। পায়খানা-পস্রাবের জন্য মা-বুইনগো সমস্যার শ্যাষ আছেলে না। সবচেয়ে বেশি কষ্ট অইছে খাওয়ার পানির লাইগ্যা। শুকনা খাবার খাইয়া তিন বেলা পার করতে অইছে।’
কোনো ধরনের যৌন হয়রানির ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে শামীমা বলেন, ‘লজ্জা লাগলেও না কইয়া পারি না। দ্যাখতে ভালো আছিলাম, সেই কারণে আশ্রয়কেন্দ্রের মধ্যে ব্যাটাছেলেরা নানা আজেবাজে কতা কইছে। বুড়া মাইনসেরাও এ রহম করছে।’
শামীমার কাছ থেকে জানা যায়,আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাওয়ার পরও তাকে আরও কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। বসত ঘরটি ভেঙে যাওয়ায় বাবার সঙ্গে নতুন করে ছাপড়া ঘর তোলার কাজ করতে হয়েছে। ঘরের মেঝে, বাড়ির উঠোন সব কাঁদা-পানিতে একাকার ছিল। বারবার কাঁদা-পানি ভেঙে চলাফেরার কারণে পায়ে চর্মরোগ দেখা গিয়েছিল। জোয়ারের পানিতে গভীর নলকূপটি ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছিল। যার ফলে শামীমাকে অসুস্থ শরীর নিয়ে দেড় কিলোমিটার দুরে থেকে নলকূপের পানি টেনে আনতে হতো।
সমস্যার এখানেই শেষ নয়। আইলায় সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল শামীমার স্কুলের পড়ার বই, খাতা-কলম। এর ফলে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে।