'ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে'
ভেজালযুক্ত খাবারে ভরপুর বাজার। প্রতিনিয়ত এসব খাবার গ্রহণের ফলে মানুষ অসুস্থ হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ার পাশাপাশি জনগণ চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। সুস্থ জাতি গঠনে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
গ্রিন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। ২ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জুনাব আলীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদুর রহমান। অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, জাতীয় শিশু সংগঠন চাঁদের হাট চট্টগ্রামের সভাপতি ইফতেখার উদ্দিন প্রমুখ।
মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘ভেজালমুক্ত খাবারের জন্য গ্রিন অ্যাসোসিয়েশন যে আন্দোলন শুরু করেছে, তা সময়োপযোগী। এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।
এরপর শোভাযাত্রা বের করা হয়। এতে বাংলাদেশের ভোক্তা অধিকার কমিশন, এখন সময়, কণিকা (রক্তদাতা সংগঠন), লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম, চাঁদের হাট, মাদকমুক্ত প্রজন্ম, এফএনএফ রাইডারস-চট্টগ্রাম, এক্সট্রা কেয়ার এডুকেশন সেন্টার, দক্ষিণ হারলা সমাজকল্যাণ সংগঠন, পূর্বাশার আলোসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি।