‘কাকে ভোট দেবেন’—এমন প্রশ্নে রাঙামাটি পৌরসভার ভেদভেদি এলাকার একটি বস্তির বাসিন্দা ষাটোর্ধ্ব মো. জহুর আলম বলেন, ‘ভালো মানুষকে ভোট দেব, যে আমাদের সুখে-দুঃখে থাকবে।’রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা এত দিন খুব একটা জনসংযোগ না করায় প্রার্থী নিয়ে তেমন ভাবনা-চিন্তা ছিল না ভোটারদের মধ্যে। তবে শুক্রবার থেকেই চিত্র পাল্টে যেতে শুরু করেছে।গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হওয়ার পর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা হঠাৎ তৎপর হয়ে উঠেছেন। এর আগে তাঁদের জনসংযোগ চায়ের দোকান আর বন্ধুবান্ধবের মধ্যে সীমিত থাকলেও শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের আশীর্বাদ চাইতে শুরু করেছেন প্রার্থীরা।আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল মতিন সকালে চম্পকনগর, হ্যাপিমোড়, নিউ মার্কেট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তাঁর প্রার্থী হওয়ার কথা জানিয়ে আশীর্বাদ চেয়েছেন। পরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে সভা করেছেন। এ সময় চম্পকনগর গাট্টোপাড়ার হাসিনা বানু (৬৫) নামে এক ভোটারের কাছে দোয়া চাইলে তিনি (হাসিনা বানু) বলেন, ‘ভোট আইলেই সবাই আহে, পরে আর কোনো খবর থাহে না। ভোট তো দিমু একজনরে।’ বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ভুট্টো শুক্রবার জনসংযোগ করেছেন গর্জনতলী, পুলিশ লাইন ও তবলছড়ি মসজিদ কলোনিতে। তিনি ভোটারদের সঙ্গে পৌরসভার উন্নয়নে অনানুষ্ঠানিকভাবে মতবিনিময় করেন। পরে কর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং নির্বাচনী আচরণবিধিতে কী আছে, কী করা যাবে—সেসব বিষয়ে আলোচনা করেছেন।নির্দলীয় প্রার্থী আইনজীবী প্রতীম রায় ভোরে পরিবারের সদস্যদের নিয়ে রাঙামাটি রাজবন বিহারে গিয়ে ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগের কাজ শুরু করেন। এরপর আদিবাসী অধ্যুষিত রাঙাপানি এলাকায় গিয়ে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ চান এবং তরুণ যুবকসহ সর্বস্তরের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। অপর নির্দলীয় প্রার্থী রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন তাঁর পাথরঘাটা বাসভবনে রিজার্ভ বাজার এলাকার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ভোট নিয়ে কথা বলার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেছেন।এদিকে এবারের নির্বাচনে রাঙামাটি পৌরসভার সব মেয়র প্রার্থীই নতুন মুখ। কে কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন এখনো ঠিক হয়নি। ফলে ভোটাররা প্রতীকের নাম জানতে চাইলে প্রার্থীরা তা জানাতে পারছেন না।