‘ভয় লাগে, কখন গাড়ি উল্টে যায়!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খানাখন্দে ভরা সুগার মিল সড়ক দিয়ে রোজ স্কুলে যেতে হয়। চাঁদের গাড়িতে করে যাওয়ার সময় ভয় লাগে, কখন গাড়ি উল্টে যায়! প্রায় সময় রাস্তার গর্তে জমে থাকা পানি ছিটকে পড়ে বিদ্যালয়ের পোশাকও নোংরা হয়।’ অভিযোগের সুরে কথাগুলো বলছিল তারাবুনিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহাবুদ্দিন।কেবল বিদ্যালয়ের শিক্ষার্থী শাহাবুদ্দিন নয়, রাঙামাটির কাউখালী উপজেলার সুগার মিল সড়কের বেহাল দশা নিয়ে এমন অভিযোগ এলাকার প্রায় সব বাসিন্দার।রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত এ সড়কটি ১৩ কিলোমিটার দীর্ঘ। কাউখালীর ৪০ হাজারের বেশি মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কের পাশে বেতবুনিয়া ও কলমপতি ইউনিয়নে চারটি প্রাথমিক বিদ্যালয়, দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। এ ছাড়া বেতবুনিয়া উচ্চবিদ্যালয়, কাউখালী সদরের পোয়াপাড়া উচ্চবিদ্যালয় ও কাউখালী কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে এবং বিভিন্ন মৌসুমি শাকসবজি ও ফলমূল পরিবহন করা হয় এ সড়ক দিয়ে।তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, কাজের নিম্নমান আর ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এ অবস্থা।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কজুড়েই গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের প্রায় সম্পূর্ণ পিচ উঠে গেছে। কোথাও মাটি ভেঙে সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। এসব কারণে সড়কে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে। ওই এলাকায় অবস্থিত ১২টি ইটভাটা অবস্থিত। ইটভাটার ইট পরিবহনের জন্য এ পথে প্রতিদিন চলাচল করে ভারী ট্রাক। মূলত এ কারণে সড়কের কার্পেটিং উঠে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আজম এ অভিযোগ স্বীকার করে বলেন, সড়কটির দুরবস্থার জন্য ইটভাটাগুলো কিছুটা দায়ী। বিকল্প পথ না থাকায় ইট পরিবহনে এ সড়কটি ব্যবহার করতে হয় বলে তিনি জানান।ওই সড়কে চলাচলকারী চাঁদের গাড়ির (হুড খোলা জিপ) চালক মো. বেলাল ও অটোরিকশাচালক উক্যচাই মারমা জানান, খানাখন্দের কারণে প্রায় সময় গাড়ির নাট-বল্টুসহ নানা যন্ত্রপাতি খুলে পড়ে এবং নষ্ট হয়ে যায়।কলমপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যজাই মারমা বলেন, ‘অনেক আগে থেকেই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। বিকল্প পথ না থাকায় মানুষ ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে আসা-যাওয়া করে।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শশী দুলাল বিশ্বাস জানান, সড়কটি সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরের মধ্যে কাজ শুরু হবে।