'ভয়কে করো জয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে স্নাতক শেষ করে এই পাঁচ তরুণী লেগে পড়েছেন স্বেচ্ছাসেবী কাজে। শিক্ষার্থীদের মধ্যে আর্সেনিক সম্পর্কে সচেতনতা তৈরি করতে ছুটে বেড়ান বিদ্যালয় থেকে বিদ্যালয়ে l জুয়েল শীল
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে স্নাতক শেষ করে এই পাঁচ তরুণী লেগে পড়েছেন স্বেচ্ছাসেবী কাজে। শিক্ষার্থীদের মধ্যে আর্সেনিক সম্পর্কে সচেতনতা তৈরি করতে ছুটে বেড়ান বিদ্যালয় থেকে বিদ্যালয়ে l জুয়েল শীল

আর্সেনিক! চার অক্ষরের শব্দটিতে ভয় আর আতঙ্ক মেশানো। পানিতে থাকা এই বিষ সম্পর্কে কজনই বা জানেন। দিনের পর দিন যে পানি পান করছেন তাতে যে আর্সেনিক নেই, সেটা হলফ করে কীভাবে বলবেন? কখনো পরীক্ষা করিয়েছেন? এমন প্রশ্ন করা হলে যে কারও কপালে চিন্তার ভাঁজ পড়বে। এমনটাই স্বাভাবিক। বড়দের এই দশা! ছোটদের তো জানার প্রশ্নই আসে না। বিদ্যালয়ে যে পানি পান করে তা কতটুকু নিরাপদ? তাহলে উপায়?
আর্সেনিক থেকে বাঁচার পথ বাতলে দিচ্ছেন পাঁচ তরুণী—আনোয়ারা বেগম, শাহেনা বেগম, তাসলিমা খানম, মুনিরা সুলতানা ও নিশাত রাইয়ানা। যাঁরা আর্সেনিকের ভয় তাড়িয়ে সচেতনতা বাড়াতে ছুটে বেড়াচ্ছেন বিদ্যালয় থেকে বিদ্যালয়ে। কাজ করছেন বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সচেতন করতে। এ ক্ষেত্রে তাঁদের মূলমন্ত্র—‘ভয়কে করো জয়’।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে স্নাতক শেষ করে স্বেচ্ছাসেবী এই কাজে লেগে পড়েছেন তাঁরা। লেখাপড়ার ফাঁকে আর্সেনিক এডুকেশন প্রোগ্রাম ইন বাংলাদেশ প্রকল্পে কাজ করছেন। সম্প্রতি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় এই পাঁচ তরুণীর সঙ্গে।
কীভাবে যুক্ত হলেন এই কাজে? শুরুতে কথা বললেন আনোয়ারা বেগম। বললেন, ‘স্নাতক শেষবর্ষে থাকা অবস্থায় একদিন বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে দেখলাম আর্সেনিক সচেতনতা কার্যক্রমের জন্য বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা কেমিস্টস উইথআউট বর্ডারস (সিডব্লিউবি) স্বেচ্ছাসেবক নেবে। তাও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম। বিষয়টি নিয়ে আমার আগ্রহ জাগল। তা ছাড়া আমার বিষয়ও জনস্বাস্থ্য। আবেদন করলাম। এরপর নির্বাচিত হই। আমরা সবাই আলাদা আলাদা আবেদন করে এখন টিম হিসেবে কাজ করছি। একই বিশ্ববিদ্যালয়ে পড়লেও আগে তেমন একটা ঘনিষ্ঠতা ছিল না। এই প্রকল্পে কাজ করতে এসে যেন এক পরিবার হয়ে গেলাম। আমাদের কার্যক্রম শুরু হয় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে।’

সীতাকুণ্ডের ভাটেরখীল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্সেনিক সম্পর্কে ধারণা দিচ্ছেন স্বেচ্ছাসেবী দলের সদস্য আনোয়ারা বেগম ‍l ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডের ভাটেরখীল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্সেনিক সম্পর্কে ধারণা দিচ্ছেন স্বেচ্ছাসেবী দলের সদস্য আনোয়ারা বেগম ‍l ছবি: সংগৃহীত


শুরুর কথা তো গেল। এবার আসি কাজের কথায়। দলের আরেক সদস্য শাহেনা বেগম বললেন, ‘নগর ও বিভিন্ন উপজেলার বিদ্যালয়ে গিয়ে কমপক্ষে ১৫০ ছাত্রছাত্রী নিয়ে আর্সেনিক সচেতনতামূলক সমাবেশ করি। এর প্রথম ধাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত হ্যাক টেস্ট কিট দিয়ে বিদ্যালয়ের নলকূপের পানির আর্সেনিকের মাত্রা পরীক্ষা করা। এরপর প্রজেক্টরের মাধ্যমে আর্সেনিকের কারণে কী কী রোগ হতে পারে সে সম্পর্কে ধারণা এবং এর থেকে দূরে থাকার উপায় বাতলে দেওয়া হয়। শুধু তাই নয়, বিদ্যালয়ে একটি ৩০ থেকে ৩৫ জনের স্বেচ্ছাসেবক দল গঠন করে দেওয়া হয়, যারা পরবর্তী সময়ে আর্সেনিক নিয়ে নিয়মিতভাবে সচেতনতামূলক সভা করবে। তাদের আর্সেনিক পরীক্ষার সরঞ্জামও দেওয়া হয়। নিয়মিতভাবে সংগ্রহ করা হয় আর্সেনিক পরিস্থিতির তথ্য। মূল বিষয় হচ্ছে বিশুদ্ধ পানি পান করার ব্যাপারে সচেতন করা।’
শাহেনা আরও যোগ করে বলেন, ‘আমরা ইতিমধ্যে সীতাকুণ্ডের দুটি বিদ্যালয়ের পানিতে আর্সেনিক পেয়েছি। এখন চেষ্টা করছি ওই দুই িবদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করার। এতে আমাদের সহযোগিতা করছে রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট।’

চট্টগ্রাম সরকারি বালিকা ​উচ্চবিদ্যালয়ে পানির আর্সেনিকের মাত্রা পরীক্ষা করছে এক শিক্ষার্থী l ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সরকারি বালিকা ​উচ্চবিদ্যালয়ে পানির আর্সেনিকের মাত্রা পরীক্ষা করছে এক শিক্ষার্থী l ছবি: সংগৃহীত


পাঁচ তরুণীর এই দল এর মধ্যে সমাবেশ করেছে নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুরাদপুরের মোমেনবাগ ইউসেফ হাইস্কুল, সীতাকুণ্ডের টেরিয়াল উচ্চবিদ্যালয়, ভাটেরখীল উচ্চবিদ্যালয়, কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ ও সীতাকুণ্ড আইডিয়াল মডেল হাইস্কুল। তাঁদের প্রকল্পের সমন্বয়ক হিসেবে কাজ করছেন সিডব্লিউবির কর্মকর্তা রে ক্রন কুয়েস্ট। এ ছাড়া পরামর্শক হিসেবে আছেন আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মিরা স্মিথ; যিনি কীভাবে আর্সেনিকমুক্ত থাকা যায়, সেই পথ বাতলে দিতে চষে বেড়াচ্ছেন উন্নয়নশীল দেশ।
ঘুরেফিরে আবার কাজ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেমন সাড়া পেলেন? আনোয়ারা বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা আর্সেনিকে ভয়বহতা দেখে অবাক হয়েছে। এর মাধ্যমে ক্যানসার, হৃদ্রোগ, বিকলাঙ্গতা ও ডায়াবেটিসের ঝুঁকি থাকে, তা তারা জানত না। কচি মুখগুলোর চোখেও আতঙ্ক দেখেছি। আবার পরিত্রাণের পন্থা দেখিয়ে দেওয়ার পর দূর হয়েছে সেই আতঙ্ক।’
এদিকে কথায় কথায় সময় গড়ায়। শেষ কথা—পাঁচজনে সমস্বরে বলে ওঠেন, ‘আমরা চাই ভবিষ্যত প্রজন্ম যেন থাকে আর্সেনিকমুক্ত।’ এই দলের ওয়েবসাইট : https://www.indiegogo.com/projects/chemists-without-borders-bangladesh-arsenic-educ-n,
যোগাযোগ: [email protected]।