‘ভয়টা মা ইলা মিত্রই ভাঙিয়ে দিয়েছিলেন’ — সুকন্যা মিত্র
তখনো আমার বিয়ে হয়নি। কলেজে পড়ি। কলেজেই আমি ইলা মিত্র সংক্রান্ত একটা বিতর্কে অংশ নিয়েছিলাম। কখনো ভাবতেও পারিনি, আমি একদিন সে পরিবারে বধূ হয়ে আসবো। যা হোক, আমার যখন এ পরিবারে বধূ হয়ে আসাটা কেবল ঠিক হচ্ছে, তখন আমার শুধুই মনে হচ্ছে, আমি তো ইলা মিত্রকে নিয়ে এত বিতর্ক করেছি, তাঁর অতীত কাজকর্ম নিয়ে এত গল্প পড়েছি, ওই পরিবারেই আমি যাব! আমার খুব ভয় করতে লাগল। তবে ভয়টা মা ইলা মিত্রই ভাঙিয়ে দিয়েছিলেন। মানিকতলা এলাকাতে যেহেতু ওনার কাজ, তাই আমার বিয়ের আগে তিনি আমাদের বাড়ি মাঝেমধ্যেই আসতেন। আসতেন শুধু এই কারণে যে তিনি জানতেন, মেয়েরা যখন প্রথম বধূ হয়ে শ্বশুরবাড়ি যায়, তখন তারা একটা ভয় ও শঙ্কা নিয়ে যায়। আর সেটাকে যাতে আমি উত্তীর্ণ করতে পারি, সে জন্যই তিনি হঠাত্ হঠাত্ সন্ধেবেলা আমাদের বাড়িতে এসে কথাবার্তা বলতেন। তাতে সত্যিই আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল।তার পরে আমি যখন তাঁর বাড়ির বধূ হয়ে এলাম, তখন ধীরে ধীরে লক্ষ করলাম, তিনি এত নামকরা মহিলা, কিন্তু তাঁর ভেতরটা শিশুর মতো সরল! যখন হাসেন, শিশুর মতোই সরল সে হাসি। এত সারল্য! এত সাধারণ! ফলে আস্তে আস্তে শ্বশুরবাড়িতে খাপ খাওয়াতে আমার বিন্দুমাত্র অসুবিধে হয়নি। খুব সাধারণ কথা, খুব সাধারণ হাঁটাচলা। তিনি বলতেন, ‘মিতা চল, গড়িয়াহাটাতে যাব।’ সঙ্গে সঙ্গেই যেতাম। তাঁর সঙ্গে গিয়ে জামা-কাপড় কেনা ইত্যাদি করতাম। তিনি একজন অসাধারণ, কিন্তু ওই অসাধারণের মধ্যে তাঁর একটা সাধারণত্ব ছিল। আমার মনে হয়, এ জন্যই তিনি নাচোলের ‘রানি মা’ হতে পেরেছিলেন।অনুলিখিত