‘ভয়ে আমি দাওয়াত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-আন্দোলনের পর ২৫ বছরের তরুণ সৈয়দ আবুল মকসুদ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা নাগরিক-এ গল্প লিখলেন ‘কারফিউ’। গল্প পড়ে প্রশংসাবাক্যসহ চিঠি পাঠালেন সাহিত্যিক আবুল ফজল। তরুণ ছুটে এলেন চট্টগ্রাম শহরের জুবিলী সড়কের সাহিত্য নিকেতনে। সেই প্রথম তাঁর চাটগাঁ আসা। পা ছুঁয়ে সালাম করলেন আবুল ফজলকে। আবুল ফজল বললেন, ‘তোমার লেখা পড়েছি। আশা করি তুমি বাঙালি মুসলমানদের মধ্যে মুক্তচিন্তার যে লেখকরা রয়েছেন সে ধারার লেখক হতে যাচ্ছ। তোমার লেখার সঙ্গে অনেকে বিরোধিতা করবে। কিন্তু অগ্রাহ্য করতে পারবে না। তোমার লেখার ভেতর যুক্তি আছে।’ এসব কথায় দারুণভাবে অনুপ্রাণিত হন আবুল মকসুদ। আর সেই অনুপ্রেরণার ফসল আজকের সৈয়দ আবুল মকসুদ।যিনি এখনো আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। রাস্তায় দাঁড়িয়ে সোচ্চার থাকেন যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে। এসবের মধ্যে ব্যস্ত থাকেন পড়ালেখার জগত নিয়েও। কয়েক বছর ধরে কাজ করছেন, মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে। এই বইটি হবে জীবনীর সেই অংশটুকু—যে সময়টা তিনি বাংলাদেশে কাটিয়েছেন। এ ছাড়া লিখছেন সাতচল্লিশের দেশ ভাগ নিয়ে। প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা থেকে বই দুটি বের হবে। বইয়ের পোকা এই মানুষটির ভ্রমণ নিয়েও বিশেষ আগ্রহ রয়েছে। চট্টগ্রামে তাঁর প্রিয় স্থান পতেঙ্গা সমুদ্রসৈকত। যখনই চট্টগ্রামে আসেন পতেঙ্গা সৈকত ও পাহাড়ে বেড়াতে যান। বায়েজিদ বোস্তামি আর আমানত শাহের মাজার তাঁর ভালো লাগে। এ ছাড়া চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় যেকোনো উপাসনালয় তাঁর স্বস্তির জায়গা। চট্টগ্রামে তাঁর প্রথম পরিচয় হয় অরুণ দাশগুপ্ত, বেলাল মোহাম্মদ ও মাহবুব-উল-আলম চৌধুরীর সঙ্গে। সে সময় চট্টগ্রাম এলেই তাঁর এক বন্ধু রেডিওতে দুটি কথিকা পাঠের ব্যবস্থা করতেন। উদ্দেশ্য ছিল, ঢাকা থেকে আসা-যাওয়া আর খাওয়ার খরচটা যাতে উঠে আসে। আরেকটি স্মৃতি তাঁর জীবনে অসামান্য হয়ে আছে। সেটি হলো ’৭২ সালে রামকৃষ্ণ মিশনের হয়ে রিলিফ নিয়ে আসেন চট্টগ্রামে। সে সময় সঙ্গে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনালের পান্ডে এবং লেফটেন্যান্ট কর্নেল অমর জিৎ সিং। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে গিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে। এ ছাড়া সভা সমাবেশে প্রায়ই চট্টগ্রামে আসেন তিনি। তবে স্মরণীয় হয়ে থাকবে বছর দশেক আগে সিপিবির এক সমাবেশের কথা। সেই সমাবেশে ঘোরতর প্রাকৃতিক বিপদের মুখে পড়েছিলেন। লালদীঘির মাঠের ওই সমাবেশ চলাকালে এত বৃষ্টি হয় যে প্রায় আড়াই ঘণ্টা ভিজতে হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার চাকরি ছেড়ে দিয়ে চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন প্রায় দেড় বছর। একঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে সেই সময়টা বেশ ভালোই কাটান বলে জানান। এক সময় সুপ্রভাত বাংলাদেশ-এর চাকরিও ছেড়ে দেন। এরপর থেকে সাংবাদিকতাকে ইস্তফা দিয়েছেন বলে জানালেন। চট্টগ্রামের মানুষের আন্তরিকতা মুগ্ধ করে সৈয়দ আবুল মকসুদকে। সেই ষাটের দশক থেকে চট্টগ্রামে বন্ধুর অভাব নেই সৈয়দ আবুল মকসুদের। চট্টগ্রামের কবি-সাহিত্যিক সাংবাদিকদের আড্ডাটাই তাঁকে মুগ্ধ করে। খাওয়ার প্রতি খুব বেশি আগ্রহ না থাকলেও চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আপ্যায়ন তিনি ভুলতে পারেন না। তিনি বলেন, ‘খাওয়াটা চট্টগ্রামের এমন এক আন্তরিকতার প্রকাশ যে ভয়ে আমি দাওয়াত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ ওজন বেড়ে যাচ্ছিল।’