'মঞ্চ আমার প্রাণ'
শারমিন আঁখি। অভিনয়শিল্পী। মঞ্চের এই মানুষটি এখন সরব টেলিভিশনের পর্দায়ও। এ জন্য তল্পিতল্পা গুটিয়ে থিতু হয়েছেন ঢাকায়। তার পরও নাটকের দলের ডাক পেলেই ছুটে আসেন চট্টগ্রাম। সম্প্রতি অরিন্দম নাট্য সম্প্রদায়ের দুতিয়ার চান নাটকের কারিগরি মঞ্চায়নে অংশ নিতে চট্টগ্রাম এলে কথা হয় তাঁর সঙ্গে
আমার যত ব্যস্ততা...
এখন পুরোদস্তুর অভিনয় নিয়ে আছি। কাট, অ্যাকশন, রোলিংয়ের মধ্যে দিন কেটে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আরটিভির জন্য শুভ্র খানের পরিচালনায় ধারাবাহিক নাটক অনাকাঙ্ক্ষিত সত্য, চ্যানেল নাইনের জন্য ইমরাউল রাফাতের পরিচালনায় নাটক রাব্বু ভাইয়ের বৌ ও মাছরাঙার জন্য আবুল হোসেনের পরিচালনায় তিন গোয়েন্দা নাটকের শুটিং শেষ করেছি। আশা করছি নাটকগুলো দর্শকেরা কোরবানির ঈদের পরে দেখতে পাবেন।
যেভাবে শুরু...
ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। মায়ের শাড়ি পরে স্ক্রুড্রাইভারকে মাইক্রোফোন বানিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নাটকের সংলাপগুলো বলতাম। দিনে দিনে অভিনয় মনের মাঝে স্থায়ী একটা জায়গা করে নিয়েছে। অভিনয়ের খুঁটিনাটি শিখেছি ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিক থেকে। এরপর বন্ধু রাহাত কবিরের কাছে মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। যোগ দিলাম অরিন্দম নাট্য সম্প্রদায়ে। এখন অরিন্দমেই কাজ করছি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছি তিন বছর ধরে।
মঞ্চের ভালোবাসায়...
মঞ্চ আমার প্রাণ। একজন অভিনয়শিল্পীর মূল ভিত তো এই মঞ্চ। চরিত্র রূপায়ণে মঞ্চই উৎকৃষ্ট মাধ্যম। অবশ্য টেলিভিশনও কোনো অংশে কম নয়। সেখানে হাজারো দর্শক আমাকে দেখে। ফলে সহজে মানুষের কাছাকাছি যাওয়া যায়। টিভি পর্দায় বেশ সাড়া পেয়েছি নার্গিস আকতার পরিচালিত ভালোবাসা কী করে ভালো হয় টেলিফিল্মটিতে অভিনয় করে। আশা রাখছি তিন গোয়েন্দাও সবার ভালো লাগবে।
স্বপ্ন আমার...
ভালো একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। এ জন্য আমি প্রতিনিয়তই শেখার চেষ্টা করি। সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, বিপাশা হায়াত ও শমী কায়সারদের মতো অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিতে চাই।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ