‘মন চায় কাম ছাইড়া দেই’
পৌঁছাতে পৌঁছাতে দুইটা বেজে ১৫ মিনিট ছুঁই ছুঁই। গন্তব্য কামরাঙ্গীরচরের মালেক কলোনি। নাম কলোনি হলেও আদতে এটি একটি বস্তি। এখানেই একটি বেড়ার ঘরে কুলসুম থাকে। বয়স ১৩ বছর। গত ১৬ ফেব্রুয়ারি সেখানে যাই। ঘরে ঢুকতেই রাজ্যের জঞ্জাল চোখে পড়ল। ঘরের এক পাশে কুলসুমের মা রান্না করছেন। পাশে রান্নার লাকড়ি ছড়ানো-ছিটানো। পাশে মেঝেতে বসেই কুলসুম গ্রোগ্রাসে ভাত খাচ্ছে। বাসি তরকারি দিয়ে পান্তাভাত। বেশ তাড়াহুড়ো করছে। মুহূর্তের জন্য আমার দিকে তাকাল। ইঙ্গিতে বসতে বলল। এ ঘরে আসবাব বলতে একটা খাট। কাঠের ভাঙাচোরা একটি মিটসেফ। দড়িতে ঝোলানো কাপড়চোপড়। খাটে বসে চার-পাঁচজন শিশু টিভি দেখছে। সেখানেই বসলাম। কুলসুমের খাওয়া শেষ হতেই বললাম, ‘এত তাড়াহুড়ো করছ কেন?’ ছোট্ট চোখজোড়া এবার যেন আরও চঞ্চল হয়ে ওঠে, ‘দুপুরে ছুটি দেয় এক ঘণ্টা। আইতে-যাইতে তিরিশ মিনিট লাইগ্যা যায়। এর মইধ্যে খাওয়াদাওয়া সারতে হয়।’প্রশ্ন করি, একটু দেরি হলে কী সমস্যা?‘কী যে কন, আফা? আমাগো একটা কার্ড আছে’, বলেই খাটের ওপর রাখা পরিচয়পত্রটি দেখায়। ‘এটা মেশিনে ঘষা দিতে হয় টাইমমতো। দেরি হইলে টেকা কাইট্যা রাখে। এর লাইগ্যা তিনটা বাজনের আগেই যাই।’আগে গেলে বেশি টাকা দেয়?‘নাহ! হেইডা কি আর দেয়!’তুমি কোথায় কাজ করো?‘কলমের একটা ফেকটরিতে কাম করি। সেইখানে আমি কলমের ক্যাপ লাগাই।’প্রতিদিন কতগুলো ক্যাপ লাগাও?‘হাজারে হাজারে। মাজে-মইধ্যে মনে হয় লাখ লাখ। তবু হেগো কলম আর ফুরায় না।’বেতন কত পাও?এবার যেন পৃথিবীর সব দুঃখ এসে ভর করে ছোট্ট কুলসুমের চোখেমুখে।‘আপা, আগে আট ঘণ্টা কাম কইর্যা ১৮০০ টেকা পাইতাম। আর এহন, সকাল আটটায় ফেকটরিতে যাই। বাইর হই আবার রাইত আটটায়। ১২ ঘণ্টা কাম কইর্যা মাত্র ২৭০০ টেকা পাই। বেতন বাড়াইছে। আবার কামও বাড়াইছে।’এবার ছোট ভাই ফোড়ন কাটে, ‘মিছা কথা, বইনে পুরা টেকা পায় না!’ভাইকে থামিয়ে কুলসুমই বিষয়টি বুঝিয়ে দেয়, ‘ওই যে কইলাম না, হেরা টেকা কাইট্যা রাখে। ধরেন, সকালে যাইতে যদি দুই-এক মিনিট দেরি হয়, তখন মিনিটে এক টেকা কইর্যা কাটে। আবার দুপুরেও দেরি হইলে কাটে।’‘এই মাসে আমি পাইছি দুই হাজার টেকা। দুই দিন যাই নাই। এর লাইগ্যা ৫০০ টেকা কাটছে। আর বাকিটা কাটছে লেট করনের লাইগ্যা।’ একটু হেসে আবার বলে, ‘আবার ধরেন, কোনো দিন অর্ধেক কাম কইর্যা চইল্যা আসলেও পুরা দিনের টেকা কাটা যায়।’সপ্তাহে ছুটি পাও না?‘সোমবারে ছুটি দেয়। তয় যেদিন কাম বেশি থাকে, সেই দিন ওভারটাইম করি। তহন সারা দিনের ওভারটাইমে ৮০ টেকা দেয়।’কথা বলতে বলতেই ওর বাঁ হাতটা চোখে পড়ে। কয়েক দিন আগের দেওয়া মেহেদির রং খানিকটা বিবর্ণ হয়েছে। এরই মধ্যে মধ্যমা আর অনামিকায় উঁকি দিচ্ছে বেশ কিছু কাটা দাগ। সঙ্গে প্রায় শুকিয়ে যাওয়া রক্ত। মেহেদির বাসি রংটাকে ছাপিয়ে টকটকে লাল রক্ত বেশ চোখে পড়ছে।কিছু জিজ্ঞেস করার আগেই কুলসুম বলে, ‘বান্ধবীরা মেন্দি পরাইয়া দিছে।’আঙুল কাটল কীভাবে?‘কলমের ক্যাপ ভরতে গিয়া আঙ্গুল কাইট্যা গেছে। সন্ধ্যার সময় সুপারভাইজাররা বেশি তাড়া দেয়। ১০ মিনিটে এক কার্টন কলমের ক্যাপ ভরি। তহন তাড়াহুড়ায় আঙুল কাটে। আবার তাড়াতাড়ি না পারলে বেত দিয়া মারে। বড় বড় প্লাস্টিকের কলম দিয়া মারে।’খানিকটা থেমে আবারও বলে ওঠে, ‘আর খারাপ খারাপ কথাও কয়। গালি দেয়। টিটকারি করে। মন চায় কাম ছাইড়া দেই। তয় সংসারের কথা চিন্তা কইর্যা ছাড়তে পারি না।’তোমার বাবা কী করে?‘বাবায় বাবুর্চির কাম করে। তয় সব সময় এই কাম পায় না। মায় যহন যেই কাম পায়, হেই কামই করে। বাসাবাড়িতে বুয়ার কামও করে।’ছোট ভাই এগিয়ে আসে কুলসুমের কাছে। তাকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলে, ‘আমরা পাঁচ ভাইবইন। বাবার টেকা দিয়া সংসার চলে না। আবার আমার বড় বইনের বিয়ার সময় অনেক টেকা দেনা করছে বাবায়। এহন আমি কাম না করলে সংসার চলব কেমনে? হের লাইগ্যাই আমি চাকরিতে ঢুকছি।’পড়ালেখা জানো?এবার সত্যিকারে একটা উচ্ছ্বাস চোখের কোণে নেচে ওঠে। ‘আনন্দপুরী ইসকুলে পড়ছি ফাইভ পর্যন্ত। মমতাজ আপা আমগোরে পড়াইতো। আশা আছিল, মমতাজ আপার মতো বড় টিচার হমু।এহন আর সেই আশা নাই। গরিবের ঘরে পড়ালেখা করন যায় না। আমার বান্ধবীরা এহনও ইসকুলে যায়, পরীক্ষা দেয়। অগোরে দেখলে মন মাঝে মইধ্যে খুব খারাপ লাগে।’হঠাৎ সময়টা আবারও ওকে তাড়িয়ে বেড়ায়। ঘড়ির দিকে তাকায়। তিনটা বাজতে ১০ মিনিট বাকি। তড়িঘড়ি করে আবারও পা বাড়ায় ঘরের বাইরে। কারখানার দিকে। আর হাতে শক্ত করে ধরে রাখে পরিচয়পত্র। কারণ, সময়মতো কার্ডটা ওই যন্তরমন্তর মেশিনটাকে ছুঁতে না পারলে, বিয়োগের অঙ্কটা যে বাড়তেই থাকবে।