‘মনে হয় এখনই গাড়ি উল্টে প্রাণ যাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সড়কজুড়ে অসংখ্য ছোটবড় গর্ত।্রগাড়ি চলে হেলেদুলে। কোনো কোনো গর্ত এত বড় হয়ে গেছে যে গাড়ি চলার সময় মনে হয় এখনই গাড়িটি উল্টে প্রাণ যাবে। সড়কের এমন বেহাল অবস্থা নিয়ে কারও যেন মাথাব্যথা নেই। যত ভোগান্তি আমাদের যাত্রীদের।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন ফটিকছড়ি উপজেলার দরবার শরিফ-বিনাজুরী সড়কের যাত্রী দরবার শরিফ এলাকার বাসিন্দা মো. আবু হানিফ।তিনি বলেন, ‘যাত্রীদের উচিত, এই সড়কে গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেওয়া। কারণ, এত দুর্ভোগের মধ্যে গাড়িতে না চড়ে হেঁটে চলাচল করা অনেক ভালো।’স্থানীয় লোকজন জানায়, ১ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সড়কটি গহিরা-হেঁয়াকো সড়কের সঙ্গে মিশেছে। সংযোগ সড়ক হিসেবে এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার নানুপুর, বক্তপুর, ধর্মপুর, আবদুল্লাহপুর, জাফতনগর, রোসাংগিরী, দৌলতপুর, সমিতিরহাট, লেলাং ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ যাতায়াত করে। বছর দেড়েক আগেও এ সড়ক দিয়ে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করত। কিন্তু এটির দুরবস্থার কারণে ভারী যানবাহন চলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন শুধু অটোরিকশা, যাত্রীবাহী পিকআপ ও রিকশা চলাচল করে। সড়কের বেহাল অবস্থার কারণে এসব গাড়িতে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে বিভিন্ন কার্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি হয় বেশি।্রনানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আইরিন সুলতানা বলেন, ‘এ সড়কে দুর্ভোগের কারণে অনেক সময় কলেজে যাওয়া সম্ভব হয় না।’ এই সড়কের সিএনজিচালক মোহাম্মদ হানিফ বলেন, রাস্তা যেভাবে ভেঙেছে তাতে দিনে দুই-তিনবার আসা-যাওয়া করলে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। উপজেলা প্রকৌশলী বিশ্বজিত্ দত্ত বলেন, সড়কটির উন্নয়নে একাধিকবার অর্থ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। চলতি বছর ২৮ লাখ টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।