রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র নুরুল আমিন তালুকদার অভিযোগ করেছেন, ‘আমার জনসমর্থন দেখে প্রতিপক্ষ শঙ্কিত। নির্বাচনে অংশ নিতে না পারার জন্য পরিকল্পিত উপায়ে কারসাজি করে আমাকে ঋণখেলাপি বানানো হয়েছে। আমার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও সত্য নয়। তাই আমার মনোনয়ন বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করব।’ প্রায় একই রকম অভিযোগ করেছেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী শাহাজাহান সিকদার। ২২ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্বে নিজের মনোনয়নপত্র বাতিলের ঘোষণায় তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। ঋণখেলাপি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল আমিন তালুকদার এবং পৌরসভার উন্নয়নকাজে চুক্তিবদ্ধ থাকার কারণে শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মুঠোফোনে নুরুল আমিন তালুকদার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার উন্নয়নকাজে অর্থ ছাড় করার অভিযোগে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু উন্নয়নকাজের অর্থ ছাড়া হয় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আদেশপত্র পাওয়ার আগে। এ ছাড়া অর্থ ছাড়ের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে নতুন কোনো ঘোষণা পাওয়া যায়নি। এ অবস্থায় উন্নয়নকাজের অর্থ ছাড়ের বিষয়টি আচরণবিধির লঙ্ঘন কি না তা আমার জানা নেই।’ খেলাপিঋণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি ব্যাংক ইছাখালী শাখা থেকে মাছ চাষের জন্য যে ঋণ নিয়েছি নিয়মানুযায়ী তা পরিশোধ করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো ব্যাংকে আমার কোনো ঋণ নেই। তাই ঋণখেলাপি হওয়ার বিষয়টিও রহস্যজনক।’ উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র পদপ্রার্থী শাহাজাহান সিকদার বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পৌরসভার উন্নয়নকাজে আমি চুক্তিবদ্ধ হই, যা মে মাসে শেষ হয়। পৌর কর্তৃপক্ষ এর মধ্যে কাজ বুঝিয়ে নেওয়ার সনদও দিয়েছে। কাজেই ওই সময়ের উন্নয়নকাজের চুক্তি আচরবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে না। কিন্তু পৌর কর্তৃপক্ষ পরিকল্পিত উপায়ে কারসাজি করে ওই কাজের চলতি বিল দেখিয়ে আমার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ঋণখেলাপি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিধি মোতাবেক দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসকের কাছে আজ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি সাপেক্ষে প্রার্থী হতে পারা না-পারার বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।’ প্রসঙ্গত, ২ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।