'মফস্বলের শিক্ষার্থীদের ইংরেজি-ভীতি দূর করতে হবে'
মফস্বলের শিক্ষার্থীদের ইংরেজি–ভীতি দূর করতে হবে। ইংরেজি ভাষার ভীতির কারণে বেশির ভাগ শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ফেল করে। এ জন্য ইংরেজি ভাষার চর্চা বাড়াতে হবে।
লোহাগাড়ার আলহাজ মোস্তফিজুর রহমান ডিগ্রি কলেজে ইংরেজি ভাষা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বক্তারা এসব কথা বলেন। ‘ইংলিশ ফর লাইফ’ কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির সিলেবাসভিত্তিক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ২১ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ক বিভাগে (এসএসসি ও দাখিল) ১৪ জন ও খ বিভাগে (এইচএসসি ও আলিম) ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক বিভাগে আধুনগর ইসলামিয়া মাদ্রাসার মোস্তফা আল হোসাইন এবং খ বিভাগে বার আউলিয়া ডিগ্রি কলেজের অনুপম হাজারী ও চুনতি কামিল মাদ্রাসার সাজ্জাদ হোসেন যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন।
মোস্তফিজুর রহমান ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি শফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান, উপাধ্যক্ষ হেছামুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন ও হোসেন আহমদ।