‘মর্জিমাফিক ভাড়া বাড়ানো যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও এ ব্যাপারে তেমন কিছু জানেন না ভাড়াটে কিংবা বাড়ির মালিকেরা। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের খুঁটিনাটি নিয়ে কথা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী শফিউল মোরশেদ চৌধুরীর সঙ্গে। তাঁর সাক্ষৎকার নিয়েছেন একরামুল হক।প্রথম আলো: বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটেদের মধ্যে তিক্ততা বাড়ছে। ভাড়াটেদের অভিযোগ, বাড়িভাড়া বাড়ছে নিয়ন্ত্রণহীনভাবে। এ ব্যাপারে কোনো আইন কি আছে?শফিউল মোরশেদ চৌধুরী: বাংলাদেশ সরকার ১৯৯১ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে। এই আইন অনুসরণ করলে তো বাড়িওয়ালা ও ভাড়াটেদের মধ্যে সমস্যা হওয়ার কথা নয়। প্রথম আলো: সমস্যা এখন প্রকট বলেই মনে হচ্ছে। এমন পরিস্থিতি সৃষ্টি হলো কেন? শফিউল মোরশেদ চৌধুরী: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ভাড়াটেদের কোনো ধারণা নেই। বাড়ির মালিকেরাও এই আইনের প্রয়োগের বিষয়টি সচেতনভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই কারণে সমস্যা প্রকট হচ্ছে। প্রথম আলো: এ সমস্যা কীভাবে সমাধান সম্ভব?শফিউল মোরশেদ চৌধুরী: বাড়ির মালিকদের মানসিকতা পরিবর্তন এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ভাড়াটিয়াদের সচেতনতা তৈরি হলে এই সমস্যার সমাধান সম্ভব। প্রথম আলো: এই আইন সম্পর্কে অনেকে তেমন কিছুই জানেন না। আসলে আইনে কী আছে? শফিউল মোরশেদ চৌধুরী: ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ৭ ধারায় স্পষ্ট উল্লেখ আছে, বাড়ির মালিকেরা মর্জিমাফিক ভাড়া বাড়াতে পারবেন না । একইভাবে প্রতিমাসে ভাড়া আদায়ের পর ভাড়াটিয়াকে রশিদ দেওয়ার আইনও আছে, যা ১৩ ধারায় উল্লেখ আছে। বাড়ির মালিককে অনুমোদনযোগ্য ভাড়া দিলে ভাড়াটিয়াকে উচ্ছেদের আদেশ দেওয়া যাবে না, যা আইনের ১৮ ধারায় উল্লেখ আছে। এই ধারায় আরও উল্লেখ আছে, অনুমোদনযোগ্য ভাড়া মালিক নিতে অস্বীকৃতি জানালে ভাড়াটিয়া মাসের ১৫ তারিখের মধ্যে মানি অর্ডারযোগে বাড়ির মালিকের কাছে ভাড়া পাঠাবেন। বাড়ির মালিক ভাড়া নিতে অস্বীকার করলে আইনের ১৯ ধারা অনুযায়ী ঘরভাড়া নিয়ন্ত্রক তথা ক্ষমতাপ্রাপ্ত স্থানীয় সহকারী জজ আদালতে মামলা করতে পারবেন। কোনো বাড়ির মালিক মানসম্মত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে আইনের ২৩ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মালিকের দণ্ড হবে। একইভাবে ভাড়া আদায়ের পর ভাড়াটিয়াকে রশিদ দিতে ব্যর্থ হলে ভাড়াটিয়ার অভিযোগের ভিত্তিতে আদায়কৃত ভাড়ার দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন বাড়ির মালিক। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ২৭ ধারায় এ বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে। প্রথম আলো : বাড়িভাড়া আইন লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিভাবে আদালতে যাবেন? শফিউল মোরশেদ চৌধুরী : বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ ধারার অধীন প্রত্যেক অভিযোগ ঘরভাড়া নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে দায়ের করবেন। ঘরভাড়া নিয়ন্ত্রক তথা সহকারী জজ তাঁর কাছে আসা অভিযোগ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে দণ্ড আরোপ করতে পারবেন। প্রথম আলো : বাড়িভাড়া আইন প্রয়োগের ক্ষেত্রে কারা ভূমিকা রাখতে পারে?শফিউল মোরশেদ চৌধুরী : এক্ষেত্রে ভাড়াটিয়াকে সচেতন হতে হবে, আইন জানতে হবে। সিটি করপোরেশন, পৌরসভা কিংবা উপজেলা বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন। বেসরকারি সংস্থা তথা এনজিওগুলো এ বিষয়ে এগিয়ে এলে বাড়িভাড়া আইন সম্পর্কে জনসচেতনতা বাড়বে।