'মশা মারতে ব্যাট কেন?'

মশা মারতে ইলেকট্রিক ব্যাট ব্যবহার করায় গরু সমাজের একাংশ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে। গতকাল গাইবান্ধায় গরু সমাজের মুখপাত্র গাই গুইটাল বলেন, ‘আমাদের একটা লম্বা লেজ আছে। সেই লেজ আমরা বেশির ভাগ সময় মশা মারার কাজে লাগাই। আগে রাতভর গোয়ালঘরে লেজ দিয়ে ফটাফট চাবুকের মতো মশা মারতাম। আবার জাবর কাটার সময়ও বসে বসে মশা মেরে সময় কাটাতাম। অথচ বাজারে মশা মারার ইলেকট্রিক ব্যাট আসার পর থেকে আমাদের সব আনন্দ মাটি হয়ে গেছে।’
লেজের ব্যবহার কমে যাচ্ছে, এটা নিয়েও দুশ্চিন্তায় আছেন অনেকে। গফরগাঁওয়ের গরু মিস লালি দুঃখ করে বলেন, ‘আগে মশা মারতে লেজ নাড়াচাড়া করায় শরীরের একটা অংশের ব্যায়াম হতো। এখন আর সেটা হচ্ছে না। আমরা মুটিয়ে যাচ্ছি।’
গাবতলীর হাটে বিক্রি হতে আসা প্রবাসী এক গরু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মশা মারতে কামান হইলেও মানা যাইত, তাই বলে ব্যাট!’
মশা সমাজের ফেসবুক সেলিব্রিটি এডিস চৌধুরী গরু সমাজের আন্দোলন নিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনারা আসলেই গরু!’