৩০ এপ্রিল রাজা হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের যুবরাজ ভিলেম আলেকজান্ডার। কিন্তু রাজকীয় ভাবসাব মোটেই পছন্দ নয় তাঁর। এর আগে তিনজন ভিলেম নামের রাজা ছিলেন। সে হিসাবে আলেকজান্ডার ৪ নম্বর। কিন্তু যুবরাজ চান, তাঁকে যেন রাজা চতুর্থ ভিলেম না ডাকা হয়। তাঁর কথায়, ‘আমি কি খামারের গরু নাকি? যেন বার্থা ৮! না, এ সব আমার পোষাবে না।’হ্যাঁ, এমনই সোজাসাপ্টা কথায় বিশ্বাসী ভিলেম আলেকজান্ডার। মা রানি বিয়াত্রিক্স তিন দশক রাজত্বের পর সিংহাসন ছেড়ে দিচ্ছেন। এবার ভিলেমই হবেন সাংবিধানিক রাজতন্ত্রের দেশটির নতুন রাজা। কিন্তু আনুষ্ঠানিকতার বেড়াজাল তাঁর মোটেই পছন্দ নয়। রাজা হওয়ার আগে শেষ সাক্ষাৎকারে সম্প্রতি ভিলেম বলেন, ‘৪৬ বছর ধরে যে নামে সবাই ডেকেছে, সে নামেই পরিচিত হতে চাই আমি। সেটা হচ্ছে ভিলেম বা আলেকজান্ডার। কেউ যেন আমাকে ‘ভিলেম দ্য ফোর্থ’ বা ‘মহামান্য’ না ডাকেন। এত দিন পর এ রকম ভারিক্কি ভাষায় সম্বোধনটা অদ্ভুত শোনাবে না!’ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে নেদারল্যান্ডসের রাজা-রানির করার থাকে কমই। গত সরকার রানির ভূমিকা আরও কমিয়েছে। তার পরও বিয়াত্রিক্স রানি হিসেবে মন্ত্রীদের শপথ পাঠ করানোসহ নানা কার্যক্রমে যুক্ত ছিলেন। জনমত জরিপে দেখা গেছে, দেশের মানুষ চায়, রাজপরিবার সরকারি কাজ থেকে দূরেই থাকুক। সেদিক থেকে দেখলে ভিলেমকে তাদের পছন্দই হবে। সরকারি কাজ-কর্মে নাক গলানোতে তাঁর আগ্রহ একেবারেই নেই। জনগণ রাজতন্ত্রের ঐতিহ্য ধরে রাখতে না চাইলে তাতেও আপত্তি নেই হবু রাজার। ‘শুধু বিষয়টা গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে হলেই হলো। লাগলে আমি সই করে দেব,’ বলেন ভিলেম।ভিলেমের স্ত্রী প্রিন্সেস ম্যাক্সিমাও তৈরি হচ্ছেন বিশেষ দিনটির জন্য; যদিও তাঁর বাবা হোর্হে জোরেগুয়েতা থাকতে পারবেন না অভিষেক অনুষ্ঠানে। তাঁকে দাওয়াতই করা হয়নি যে! আর্জেন্টিনার সাবেক সামরিক স্বৈরশাসক ভিদেলার মন্ত্রী হওয়ায় ডাচ রাজপরিবার এড়িয়ে চলে তাঁকে। ২০০২ সালে ভিলেম আর ম্যাক্সিমার বিয়েতেও দাওয়াত করা হয়নি বেয়াইকে। তবে ভিলেম-ম্যাক্সিমা জুটি দেশে বেশ জনপ্রিয়। হারুন-অর-রশিদ