'মা, আমি আর লিখতে পারব না?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ির ১৪ কিলো গ্রামে বাড়ির উঠোনে মা ইতি চাকমার কোলে অটল চাকমা l প্রথম আলো
বাঘাইছড়ির ১৪ কিলো গ্রামে বাড়ির উঠোনে মা ইতি চাকমার কোলে অটল চাকমা l প্রথম আলো

মায়ের কোলে বছর সাতেকের অটল চাকমা। মুখ মলিন। চোখেমুখে যন্ত্রণার ছাপ। শরীরে চোখ পড়তেই হু হু করে উঠল মন। এক হাত নেই। আরেক হাতের কবজিসহ ওপরের অংশ কাটা।
১৭ জানুয়ারি সকালে বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়নের ১৪ কিলো গ্রামে গেলে এভাবেই দেখা যায় আমতলা প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের (পাড়াকেন্দ্র) শিশু শ্রেণির ছাত্র অটলকে।
ছোট্ট শরীরে এমন ধকল! কীভাবে কী হলো? কথা তুলতেই ঝরঝর করে কেঁদে দিলেন মা ইতি চাকমা। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল অটল। মায়ের চোখের পানি যে মুছে দেবে সেই অবস্থাও নেই তার। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে শুরু করলেন সেই দুঃসহ দিনের কথা।
দিনটি ছিল গত বছরের ২৫ অক্টোবর। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউনিসেফ পরিচালিত আমতলা প্রাক-প্রাথমিক বিদ্যালয় (পাড়াকেন্দ্র) থেকে ছুটি শেষে বাড়ি ফিরছিল অটল। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। গ্রামীণ মেঠো পথে প্রতিদিনই আসা-যাওয়া করত অটল। চেনা পথ। কিন্তু ওই দিন চেনা পথেই ওত পেতে ছিল বিপদ। ১৪ কিলো এলাকায় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ চলার সময় রাস্তায় পড়েছিল একটি তার। ওই তারটি সংযুক্ত ছিল খুঁটির পাশের ১১ হাজার কেভির সঞ্চালন লাইনের সঙ্গে। না বুঝে শিশু অটল তারের পাশে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পুড়ে যায় দুই হাত ও কোমর। খবর পেয়ে মা ইতি চাকমা উদ্ধার করেন অটলকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পচন ঠেকাতে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা বাদ দেন দুটি হাত। দুই মাস ২১ দিন চিকিৎসা নেওয়ার পর ১৬ জানুয়ারি বাড়িতে ফিরে আসে অটল। কিন্তু সেই দুরন্ত সতেজ ছেলেটির আচরণে বিরাট পরিবর্তন। দুর্বল শরীর। খুব বেশি হাঁটতেও পারে না।
ইতি চাকমা বলেন, ‘এর মধ্যেও অটল বারবার প্রশ্ন করে, “মা, আমি আর লিখতে পারব না? ” মাঝে মধ্যে স্কুলটা কোথায় জিজ্ঞাসা করে। সে ক্লাস ওয়ানে ভর্তি হবে কিনা জানতে চায়। পড়ার প্রতি তার প্রবল আগ্রহ। স্কুলে যাওয়ার জন্য কোনো দিন বলতে হয়নি। সময় হলে স্কুলে যাওয়ার জন্য অনুমতি চেয়ে চলে যেত। এখন উদ্বেগের কারণ হচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের তার দেখলে ভয় পায়। আগের মতো বন্ধুদের সঙ্গেও মিশে না। হেলে পরলে আর উঠতে পারে না।’
আমতলা পাড়াকেন্দ্রের শিক্ষিকা তাপসী চাকমা বলেন, ‘অটল দেড় কিলোমিটার রাস্তা হেঁটে সবার আগে বিদ্যালয়ে (পাড়াকেন্দ্রে) আসত। ৩৪ জনের শিশুর মধ্যে সবার চেয়ে ভালো। হাতের লেখা খুবই সুন্দর। আমি তার বাবা-মাকে পেলে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য পরামর্শ দিতাম।’
অটলের বাবা বাদিচান চাকমা জুমচাষি। দুই ছেলের মধ্যে অটল ছোট। বড় ছেলে পড়ে সপ্তম শ্রেণিতে। অটলের চিকিৎসা করাতে জমিজিরাত বিক্রি করেছেন। প্রায় চার লাখ টাকা খরচ করে তিনি এখন নিঃস্ব।
বাদিচান চাকমা বলেন, যা সম্পদ ছিল তা সব বিক্রি করে দিয়েছি। ঠিকাদার মাত্র ৫৫ হাজার হাজার টাকা দিয়েছেন।
বাঘাইছড়ি আবাসিক প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, দীঘিনালা থেকে বাঘাইছড়ি পর্যন্ত পার্বত্য বিদ্যুতায়ন প্রকল্পের আওতাধীন বিদ্যুতের ৩৩ হাজার কেভির নতুন সঞ্চালন লাইনের কাজ চলছিল। ১৪ কিলো এলাকায় একটি খুঁটি ধরে রাখার জন্য তার টানানো হয়। সেই তারটি ছিঁড়ে গিয়ে পাশের ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়। ওই তারের বেশির ভাগ অংশ পড়ে ছিল রাস্তায়। তখন হেঁটে যাওয়ার সময় শিশু অটল চাকমা আটকা পড়ে।
ঠিকাদার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা খুঁটির তার টানানো কাজ করছিলাম। শ্রমিকদের ভুলে খুঁটির তার ছিঁড়ে গিয়ে ১১ হাজার কেভির সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়। শিশুটি উদ্ধার করে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করেছি। চিকিৎসা খরচ বাবদ শিশুর বাবা বাদিচানকে ৫৫ হাজার টাকা দিয়েছি। আমরা আরও সহযোগিতার করার চেষ্টা করব।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাঘাইছড়ি আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘ঠিকাদারের কিছু গাফিলতি ছিল। যেভাবে নবনির্মিত খুঁটির তার রাখা হয়েছিল আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত। শিশুটির ঘটনার পর আমরা গিয়ে তারটি ঠিক করেছি।’