
ছয় বছর বয়সী অসীম চাকমা জানে, মা আর কখনো তাকে বুকে জড়িয়ে ধরবে না। রাতে ঘুম পাড়াবে না আর তাকে। তবু কান্না ধোয়া চোখ মেলে চারদিকে অসীম মাকেই খোঁজে। আপনমনে বিড়বিড় করে বলে, ‘মা হদু, মার হাচে যেবং।’ অর্থাৎ—মা কোথায়? মায়ের কাছে যাব।
অসীম তার মা শ্যামলিকা চাকমার (৩২) সঙ্গে তান্যাবী পাড়াকেন্দ্রে যেত রোজ। সেখানে সবার সঙ্গে পড়াও হতো তার। কিন্তু এখন পাড়া কেন্দ্রে যাওয়া বন্ধ তার। যিনি নিয়ে যেতেন সেই মা যে আর নেই। শ্যামলিকা ওই পাড়াকেন্দ্রের শিক্ষক ছিলেন। ১৯ নভেম্বর উপজেলার বাবুপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম বৈদ্যপাড়া গ্রামের কনক রঞ্জন চাকমার স্ত্রী শ্যামলিকা চাকমার মৃত্যুর পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তান মধু বিকাশ চাকমা (১৩) ও অসীম চাকমা মাকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। অভাব–অনটনের মাঝেও সংসারে সুখ ছিল। কিন্তু সুখের সংসার যেন নিমেষেই লন্ডভন্ড হয়ে গেল।
শ্যামলিকা চাকমার বড় ভাই জগদীশ চাকমা জানান, ঘটনার দিন বাড়ি থেকে ধান এনে শান্তিপুর এলাকায় বিক্রির পর বোয়ালখালী নতুন বাজারে যাচ্ছিলেন শ্যামলিকা চাকমা। বেলা তিনটায় বাবুপাড়া এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা একটি ট্রাক্টর তাঁকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী শ্যামলিকা চাকমা নিহত ও ছয় যাত্রী আহত হন।
২০ নভেম্বর দুপুরে সরেজমিন দুর্গম বৈদ্যপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, শ্যামলিকা চাকমার বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছোট্ট একটি গাছের নিচে শ্যামলিকা চাকমার স্বামী কনক রঞ্জন চাকমা দুই সন্তান মধু ও অসীমকে জড়িয়ে ধরে বসে আছেন।
শ্যামলিকার স্বামী কনক রঞ্জন চাকমা বলেন, ‘দুই সন্তান আর বৃদ্ধ মাসহ পাঁচ সদস্যের পরিবার আমার। শ্যামলিকা বিদ্যালয়ে চাকরি করে মাসে দুই হাজার টাকা আয় করত। পাশাপাশি বাড়ির চাষাবাদে সাহায্য করত। শনিবারও বাড়ি থেকে ধান বিক্রি করে সবজিখেতের জন্য পোকামাকড়ের ওষুধ আনতে বের হয়েছিল সে। কিন্তু এ বের হওয়া যে শেষ বের হওয়া কে জানত? সংসারের পুরো দায়িত্ব সে-ই পালন করত। আমার সংসার তছনছ হয়ে গেছে। আমি আমার দুই সন্তানকে কী সান্ত্বনা দেব?’
শ্যামলিকা চাকমার ছেলে মধু বিকাশ চাকমা বলে, ‘এত বছরের মধ্যে কেবল গতকাল মায়ের সঙ্গে কোনো কথা হয়নি। মা নেই, এ কথা এখনো বিশ্বাস হচ্ছে না। আমাদের এখন কে আদর করবে? কে দেখবে?’
জাবারাং কল্যাণ সমিতির শিক্ষা প্রকল্পের উপজেলা সমন্বয়ক বিদ্যুৎ জ্যোতি চাকমা বলেন, শ্যামলিকা চাকমা বৈদ্যপাড়া গ্রামে মাতৃভাষাভিত্তিক পাড়াকেন্দ্রের শিক্ষক ছিলেন। দায়িত্বের প্রতি খুব যত্নশীল ছিলেন তিনি। এক দিনও পাড়াকেন্দ্রে পাঠদান থেকে বিরত ছিলেন না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।