কালচে-লাল রঙের মাংস ঝুলছে দোকানে। দেখেই বোঝা যাচ্ছে মহিষের মাংস। পাল পাল মহিষ ঢাকা শহরে আসে, জবাই হয়, তারপর ছড়িয়ে যায় বিভিন্ন বাজারে। কিন্তু গরুর মাংসের ভিড়ে কোথায় হারিয়ে যায় মহিষ, সে তথ্য কেউ দিতে পারে না। কারণ, গরুর মাংস বলে যা বিক্রি হয়, তার মধ্যেই এই মহিষের মাংস ঢুকে পড়ে। গরুর দামে বিক্রি হয় মহিষ। অ্যানথ্যাক্স-বিপর্যয়ে গরুর কারবারিরা পড়েছেন বিপদে। গরু সুস্থ নাকি অসুস্থ, তার বিচার করবে কে? কে আর ঝুঁকি নিয়ে গরুর মাংস খাবে? তাই এবার ঈদের বাজারেও গরুর মাংস কম বিক্রি হয়েছে। আমরা কারওয়ান বাজারের একটি মাংসের দোকানে এসেছি। সে দোকানেই ঝুলছে মহিষের মাংস। এটি যে মহিষের মাংস, গরুর মাংস নয়, এ কথা গর্বের সঙ্গেই বলছেন দোকানি। আমরা আলাপচারিতার দিকে যাই।‘কী নাম আপনার?’‘আমার নাম মো. বাদল হোসেন।’‘কত দিন ধরে মাংসের কারবার করেন?’‘আমি আপনার পঁচিশ বছর ধইরা এই ব্যবসা করি।’‘কিন্তু আপনারে দেইখা তো তিরিশ বছরও হয় নাই মনে হয়।’‘এত দিন ধরে কি গরুর মাংসের ব্যবসাই করেছেন?’‘গরুর মাংসের ব্যবসাই করেছি, ইভেন আমি মিডল ইস্টেও ছিলাম সাত বছর।’‘সেখানেও কি গরুর মাংসের ব্যবসা করেছেন?’‘না। সেখানে মিনিস্ট্রি অব ইনটেরিয়রে কাজ করেছি।’‘তার আগে কী করেছেন?’‘তার আগেও মাংস বেচতাম, ফিরে এসে পুনরায় আবার মাংস বিক্রি করি।’‘অন্য কোনো পেশায় গেলেন না কেন?’‘অন্য কিছুতে যাই নাই, কারণ বাঁচার তাগিদে এই পেশাই বেছে নিয়েছি।’‘আপনার বউ-বাচ্চা আছে?’‘হ্যাঁ, আমার দুই মেয়ে ও দুই ছেলে।’‘ভাবি কী করেন?’‘আপনার ভাবি গৃহিণী। নাম নার্গিস।’‘বাচ্চাদের বয়স কত?’‘আমার বড় দুই মেয়ে, ছেলে দুইটা ছোট। বড় মেয়ের বয়স এগারো বছর। মেজো মেয়ের বয়স আপনার সাত বছর। বড় ছেলের বয়স পাঁচ বছর। ছোট ছেলের বয়স এক বছর। ওদের নাম সিনথিয়া, সাদিয়া, আবিদ আর সামিত।’‘আপনারা থাকেন কোথায়?’‘ইস্টার্ন প্লাজার পাশে।’‘খাওয়া-দাওয়া কি বাসায় করেন, নাকি কাজের সময় রেস্টুরেন্টে?’‘না, খাওয়া-দাওয়া বাসায়ই হয়। দুপুর, রাত, দিন অল টাইম।’‘কী খান আপনারা? করেন তো মাংসের কারবার। তিনবেলাই মাংস খান নাকি?’‘না ভাই, খাওয়া-দাওয়া করি স্বাভাবিক। মাছ-টাস খাই। মাংস মনে করেন সপ্তাহে একবেলা খাই।’‘গরুর মাংস রান্না করেন?’‘গরু হয়, খাসি হয়, মুরগির মাংস পাক হয়।’জানি, তার পরও আরও নির্ভুল উত্তরের আশায় জিজ্ঞেস করি, ‘আজকে যে মাংস ঝুলছে আপনার দোকানে, এটা গরু না মহিষ?’‘আজকে মহিষের মাংস।’‘অ্যানথ্রাক্সের কারণে তো মনে হয় অনেক ক্ষতি হলো আপনাদের?’‘অ্যানথ্রাক্সের কারণে আমাদের ক্ষতি অনেকটাই হইছে। এখন আমাদের সংসার চালাইতেই কষ্ট হচ্ছে। আগে দিনে চারটা-পাঁচটা-ছয়টা গরু কাটতাম। এখন দিনে একটা গরু বিক্রি করতে কষ্ট হয়। আমাদের এইখানে মনে করেন ডাক্তার পরীক্ষা করে, তারপর জবাই হয়। কিন্তু মানুষ ভয়ে গরুর মাংস কিনতে চায় না।’ ‘ঈদের সময় কেমন বিক্রি হলো?’‘ঈদ বলেন, এখন বলেন, অ্যানথ্রাক্সের কারণে আমাদের বেচাকিনি খুবই কম।’‘আপনার স্বপ্ন কী? এই কাজটাই করে যাবেন, নাকি আর কিছু করার ইচ্ছা আছে?’‘যেই কাজটা শিখেছি, আমার বাচ্চা-কাচ্চাকে আমি এই কাজটা শিখাব না। এইটা একটা অভিশপ্ত জীবন। এখন মনে করেন, বাঁচার তাগিদে আমরা এই কাজটা বাইছা নিছি। না চুরি করতে পারি, না ডাকাতি করতে পারি। মাংস বিক্রি করাই আমাদের ধর্ম-কর্ম। কিন্তু বাচ্চাদের এই লাইনে নিয়ে আসতে চাই না।’কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু মো. বাদল হোসেনের মাংসের দোকানে কোনো ক্রেতাকে দেখি না। অ্যানথ্রাক্স-আতঙ্ক এখনো মানুষকে ভয়ার্ত করে রেখেছে।