'মাইয়্যাগো য্যান পড়া বন্ধ না হয়'

‘নাম কী তোমার’? প্রশ্নটি যাকে করা হলো ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ছোট্ট করে বলল, ‘রীতা রানী সরকার’। বলেই উঠে দাঁড়াল। বিকেলের অবসরে কয়েকজন কিশোরীর সঙ্গে খেলছিল সে।
হরেক রকমের স্বপ্ন, আশা, প্রত্যাশা নিয়েই সময় কাটে কিশোর বয়সী ছেলেমেয়েদের। তারাও পৃথিবী, নিজের দেশ, মা-মাটি নিয়ে এই বয়সেই ভাবতে শেখে। সমাজের কাছে তাদেরও কিছু চাওয়া আছে। এসব জানতেই ২২ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা থানার খোববাড়িয়া গ্রামে গিয়েছিলাম। সেখানে কথা হয় রীতার সঙ্গে।
রীতা ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।
জিজ্ঞেস করলাম, ‘এই গ্রাম থেকে তোমার স্কুল কত দূর?’
‘অনেক দূরে। হাঁইট্যা যাইতে এক ঘণ্টার মতো লাগে। উত্তরপাড়ার কণার লগে আসা-যাওয়া করি।’
রীতা জানায় ওর গ্রামে কোনো প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় নেই। পাশের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। সেখানেই পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। কিন্তু তার পরপরই ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়নি। কাছে-পিঠে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই, কীভাবে একা একা এত দূরের পথ পাড়ি দিয়ে প্রতিদিন সে স্কুলে যাবে! এ কারণে একটা বছর সে পড়তে পারল না। কিন্তু পরের বছর যখন সঙ্গী পাওয়া গেল, তখনই রীতা আবার পড়ালেখা শুরু করল।
‘কোন বিষয় পড়তে ভালো লাগে, বাংলা না ইংরেজি?’ দুটো বিষয়ের কোনোটাই নয়, দুই দিকে মাথা দুলিয়ে সেটাই জানিয়ে দিল। ‘সাধারণ বিজ্ঞান পড়তে ভালা লাগে। বাবায় কইছে নাইনে উঠলে আমারে বিজ্ঞান নিয়া পড়তে হইব। আমারও খুব ভালা লাগে। আমি বড় হইয়্যা ডাক্তার হইতে চাই।’ রীতার এ স্বপ্ন দেখার একটা কারণ আছে। ওর গ্রামে কোনো নারী ডাক্তার নেই। আশপাশের কোনো গ্রামেও নেই। তাই নারীরা বাধ্য হয়ে ইলিয়টগঞ্জ বাজারে ডাক্তার দেখায়। কথা বলতে বলতে কিছু একটা চিন্তা করে রীতা। তারপর বলে, ‘তয় পড়তে পারুম কি না জানি না। ডাক্তার হইতে তো অনেক টেকা লাগে। এহন তো বই-খাতার অনেক দাম।’
‘কেন, তুমি উপবৃত্তি পাও না?’
দুই দিকে মাথা নাড়ে রীতা। ‘স্যাররা দেয় নাই। বছরের শুরুতে একদিন কইছিল, পরের দিন ছবি জমা দিতে হইব। ওই দিনই ছবি জমা না দিলে বৃত্তির টেকা পামু না। এত তাড়াতাড়ি ছবি তুলুম ক্যামনে! এর লাইগ্যা বৃত্তি পাই নাই। পড়ার সব খরচ বাবায় চালায়।’ রীতা জানায় তার আরও কিছু সমস্যার কথা। ও যখন সহপাঠীদের সঙ্গে স্কুলে যায়, মাঝেমধ্যে কিছু ছেলে তাদের ইভ টিজিং করে। কিন্তু ভয়ে কাউকে বলে না।
তুমি রাষ্ট্রের কাছে কী চাও?
সারল্যের হাসি হেসে বলে, ‘মাইয়্যাগো য্যান পড়া বন্ধ না হয়। মাইয়্যারা যেন পোলাগো সমান পড়ালেখা করতে পারে। তাইলে আমাগো স্বপ্নও সত্যি হইব।’