‘মাইয়াডা আমার চইল্যা গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সদস্য চারজন। মা, বাবা আর দুই ছেলে। তবু কাপড়ের আলনায় অনেক কাপড়ের ভিড়ে চোখে পড়ে ছোট্ট একটি লাল ফ্রক, একজোড়া মোজা আর তিনটি ছোট ছোট কাঁথা। এগুলো ছিল একটি ছোট্ট মিষ্টি মেয়ের। তার নাম রাখা হয়েছিল পায়েল। আজ আর সে নেই। মিলিয়ে গেছে দূর আকাশে। পায়েল পৃথিবীর বুকে বেঁচে ছিল মাত্র চার মাস নয় দিন। ওর জীবনের হিসাবটা পুরো কড়ায়-গন্ডায় তুলে রেখেছেন মা আলো রানী শীল। তাঁর স্মৃতিকথা জানতে ২৩ আগস্ট গিয়েছিলাম রাজধানীর নবাবগঞ্জের আবদুল আজিজ লেনের বাসায়। কথায় কথায় অনেক বেদনার গল্প শোনালেন তিনি। কাঁদতে কাঁদতেই মেয়ের স্মৃতি আওড়ে যান তিনি। বলেন, ‘কী সুন্দর মাইয়া হইছিল। ঠিক পরির মতো। তারপর হঠাৎ মাইয়াডা আমার চইল্যা গেল।’কীভাবে মারা গেল আপনার মেয়ে?‘জন্মের সময় ওজন অনেক কম আছিল। মাত্র দুই কেজি। এইটুকুন শরীল। হের লাইগ্যা ওর অনেক রোগবালাইও আছিল। দুধ খাইতে পারত না। একটু খাইলেই বমি কইর‌্যা দিত। পরে ডাক্তারের কাছে নিয়া গেছি। ডাক্তার কইছে ওর পুষ্টি কম। আর জন্মের পরই ওর জন্ডিস হইছিল। কিন্তু আমরা কেউ বুঝি নাই। ও হইছে নবাবগঞ্জ ব্র্যাক ডেলিভারি সেন্টারে। ওরাও কিছু কয় নাই। কিছুদিন পর ডাক্তাররা কইছে ওর জন্ডিস। আর কইছে পায়েলরে সূর্যের আলোয় শোয়াইয়া রাখতে। সারা দিন রোদে শোয়াইয়া রাখতাম। কবিরাজের কাছে নিয়া জন্ডিসের লাইগ্যা ওর হাতও ধুয়াইছি।তয় ওর আরও সমস্যা আছিল। ওর প্রস্রাব-পায়খানা করতে কষ্ট হইত। গেছিলাম এলাকার এক অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে। তাইনে একটা ওষুধ দিছিলেন। সেইটা এক মাস খাওয়ানের পরও কমে নাই। তারপর গেলাম হমুপ্যাথি ডাক্তারের কাছে।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন আলো রানী। ‘হঠাৎ একদিন দেখি, ওর বুকে লাল তিনটা দানা বাইর হইছে। আর হাতের তালু কালা হইয়্যা গেছে। দৌড়াইয়া গেলাম হমুপ্যাথি ডাক্তারের কাছে। বলল, হাসপাতালে নিতে। তারপর নিয়া গেলাম ফকিরের কাছে পানি পড়া নিতে। সে-ও সেই কথাই বলল।’সে রাতেই পায়েলকে নিয়ে তার মা গেলেন শিশু হাসপাতালে। সঙ্গে বড় ছেলে। চিকিৎসকেরা জানালেন, রোগীকে ভর্তি করতে হবে। এর জন্য এক হাজার ৪০০ টাকা লাগবে। কিন্তু হাতে ছিল মাত্র এক হাজার টাকা। অগত্যা ফিরে এলেন পায়েলকে নিয়ে। ভেবেছিলেন, টাকা জোগাড় হলেই মেয়েকে নিয়ে আবার হাসপাতালে যাবেন। বাসায় আসার পর পায়েলকে বেশ সুস্থ দেখাচ্ছিল। মা, পায়েল বলে ডাকলেই খিলখিল করে হেসে ওঠে। পরদিন দুপুরে পায়েলের শরীর আবারও খারাপ হলো। সন্ধ্যায় বমি হলো। তারপর খিঁচুনি। আলো রানী বর্ণনা করেন সেই মর্মান্তিক ঘটনা: ‘আমার মেয়ে তখন হাসেও না, কান্দেও না। এক্কেরে চুপ মাইরা গেছে। আর থাইম্যা থাইম্যা খিঁচুনি দিতাছে। বড় ছেলেরে সাথে নিয়া আবার গেলাম শিশু হাসপাতালে।’ দুঃখী মায়ের চোখের কোল বেয়ে তখনো বইছে জলের ধারা। বলেন, ‘ডাক্তাররা কইল জন্ডিসে লিভার নষ্ট হইয়া গেছে। শ্যাষ সময়ে নিয়া আসছেন। দেখি, কী করা যায়। ওর মুখে অক্সিজেন দিল। আমার মাইয়াডা সেই রাত্রেই মারা গেল। জন্মের পর যদি ভালা ডাক্তার দেখাইতাম, তাইলে আমার পায়েল বাইচা থাকত।’ কিছুটা সামলে উঠলে জিজ্ঞেস করি, আপনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন?কিছুক্ষণ চুপ করে থাকেন আলো রানী। তারপর দুটো কার্ড বের করে দিয়ে বলেন, ‘টিকা সব নিছিলাম। তয় ভুল আমারই। আমার তো শরীরে রক্ত কম। প্রতি মাসে ইনজেকশন দেই আর হাজার পাওয়ারের ওষুধ খাই। আমার মাসিক তিন-চার মাস পরপর হয়। ও যখন প্যাটে আসল সাত মাস তো কিছুই বুঝি নাই। তখনো ওষুধ খাইছি। ইনজেকশন নিছি। গেরামে গিয়া রোদের মইধ্যে মাটি কাটছি। ভারী কাম করছি। গত বছরের সেপ্টেম্বর মাসের দিকে হইব, দেখি কিছুদিন পর শরীর কেমন যেন লাগে। শরীর ভাইঙ্গা আসে। আরবান সেন্টারে গেলাম। হেরা আলটাসোনো কইর‌্যা কইল আমার বাচ্চা হইব। আরও কইছিল বাচ্চা এখনো সুস্থ আছে। তয় খাওয়াদাওয়া বেশি করতে হইব। আমি ওষুধ খাওয়া তখন বন্ধ কইর‌্যা দিছি। টিকা নিছি। মনে মনে খুশিও হইছি।’ এতটুকু বলেই আলো দৌড়ে যান আলনার কাছে। তারপর হাতে করে নিয়ে আসেন লাল-সবুজ সুতায় বোনা একটা কাঁথা। কাঁদতে কাঁদতে সেটা দেখান, ‘দেখছেন, এই খ্যাতাটা আমার মাইয়ার লাইগ্যা কত যত্ন কইর‌্যা বানাইছিলাম। দেখেন, এখনো কত নতুন। আমার নতুন শাড়ি দিয়া বানাইছিলাম। দেখেন, একটুকু ছিঁড়ে নাই। কিন্তুক আমার নাড়িছেঁড়া ধন তো আমারে ছাইড়া চইল্যা গেল।’ কাঁথাটাকে জড়িয়ে ধরেই অঝোরে কাঁদতে থাকেন আলো রানী শীল।