
অট্টালিকা জয় করেন তিনি। কীভাবে? দেয়াল বেয়ে মাকড়সার মতো উঠে পড়েন ছাদে। নাম তাঁর আলাঁ রোবের। ফ্রান্সের ‘স্পাইডারম্যান’ (মাকড়সা-মানব) নামেও লোকে তাঁকে চেনে। কারণ, রুপালি পর্দার সুপারহিরো স্পাইডারম্যানের মতোই তাঁর কাজ-কারবার। সর্বশেষ গত শুক্রবার স্পেনের বার্সেলোনা নগরের একটি উঁচু ভবনকে পায়ের নিচে ফেলেছেন।
রোবেরের বয়স ৫৪ বছর। তাঁর অভিযানের বিশেষত্ব হলো, কোনো ধরনের দড়ি বা সহায়ক সরঞ্জাম নেন না। এমনিই তরতর করে উঠে যান একেবারে চূড়ায়। ‘তোর আগবার’ নামের ৩৮ তলা ভবনটিতে আরোহণ করেছেন এক ঘণ্টায়। আর এ ঘটনার সাক্ষী ছিলেন পথচারী ও পুলিশ সদস্যরা। বার্সেলোনার ওই কাচঘেরা ভবন রাতে বাহারি আলোকসজ্জার জন্য খ্যাত।
রোবের বিশ্বজুড়ে ইতিমধ্যে শতাধিক ভবন জয় করেছেন। দেয়াল বেয়ে ওঠার সময় তাঁর পায়ে থাকে বিশেষ জুতা এবং হাতে একধরনের খড়ি; আর কিছু নয়। সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ, দুবাইয়ের বুর্জ খলিফা ভবন, প্যারিসের আইফেল টাওয়ার এবং সিডনি অপেরা হাউসের মতো স্থাপনা ইতিমধ্যে পদানত করেছেন।