‘মাটির টানে দেশে এসেছি বলে কি কাদায় ডুবে মরব!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোমর পর্যন্ত ডুবে গেছি, নড়ার শক্তি নাই। দেখেন তো ভাই, যদি টেনে তুলতে পারেন।’ মুখে ম্লান হাসি ফুটিয়ে কথাটা বললেন রেজা ভাই। কিন্তু তাঁর অবস্থা দেখে আমার কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগল। ভাটায় জেগে ওঠা খালের মাঝখানে থকথকে কাদার মধ্যে গজালের মতো গেঁথে গিয়ে নিশ্চল দাঁড়িয়ে রয়েছেন তিনি। কাদায় পা টেনে টেনে শ্রান্ত দেহে আমি তখন খালপাড়ে দাঁড়িয়ে দম নিচ্ছি। হাতিয়ার দক্ষিণে ডুবোচরে সকাল থেকে আমরা হাঁটছি। জোয়ারের পানি নেমে যাওয়ার পর নবীন চরে আছে শুধু পাখির পায়ের নকশা আঁকা মাখনের মতো মসৃণ কাদার অন্তহীন প্রান্তর। এমন নরম কাদা, পাতি-লালপা পাখির ভরটুকু সয় না! ‘কাদা’ বললে এর প্যাঁকপেকে ভাবটা ব্যক্ত হয় না বলে চরের মানুষ একে বলে ‘প্যাঁক’, ‘খাবর’ কিংবা ‘ভ্যাদর’। চার দিন হলো উপকূলে পা রেখেছি; পদে পদেই প্যাঁক আমাদের পা আটকে ধরছে। এক পা টেনে তুলতে গেলে প্যাঁকের মধ্যে আরেক পা হাঁটু অবধি ডুবে যায়। পুরো হাঁটু প্যাঁকে ঢুকলে তা টেনে ওঠানোর জোর থাকে না অন্য পায়ে। বিরল পাখির পিছু নিলেও তাই দুরবিন সরিয়ে প্রায়ই আমরা কাদায় চোখ রাখি, প্যাঁক-লাইন হাঁটুর ওপরে ওঠার আগেই পিছু হটে যাই। প্যাঁকের জগতে রেজা ভাই নতুন নন, জানেন যে খালের মাঝখানটাতেই ঘাপটি মেরে থাকে ঘাতক ভ্যাদর। তবুও চরের অন্য প্রান্তে অপচ্ছায়ার মতো সারি দিয়ে দাঁড়ানো অ-শনাক্ত পাখির অপ্রতিরোধ্য টানে খালে নেমে পড়েছিলেন, ভেবেছিলেন জোর কদম চালিয়ে পার হয়ে যাবেন। তা আর হয়নি, খাবরের খপ্পরে কদমের জোর শেষ, যত জোরাজুরি করেছেন, ততই ডুবেছেন।আমি তড়িঘড়ি খালে নেমে তাঁর দিকে হাত বাড়িয়ে দিলাম। ভ্যাদরের ভয়ে পা সরে না, তাই তাঁর হাতের নাগাল পেলাম না। খালের ঢালে আছি বলে তখনো আমার পা সচল, দুরুদুরু বুকে আরও নিচে নামলাম। ওই তো এখনো আমার হাঁটু দেখা যায়, আরেক কদম নামা যাক! আহ পেয়েছি, হাত ধরতে পেরেছি! ...ধরতে তো পেরেছি, কিন্তু টানাটানি করে রেজা ভাইকে এক ইঞ্চি জাগানো গেল না, উল্টো আমি প্যাঁকে ঢুকে গেলাম। চিৎকার করে বললাম, ‘আমার হাঁটু কাদার নিচে, আমি আটকে গেছি।’ আমরা হাত ছেড়ে দিলাম, দুজনই কাদায় গেঁথে গেছি, দুজনই অচল। আমার হটকারী উদ্ধার-প্রয়াসের করুণ পরিণতি দেখে দুজনই বোকার হাসি হাসলাম।এখন কেউ এসে টেনে না তোলা পর্যন্ত আমাদের দুজনকেই কাদার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। জনহীন চরে কালেভদ্রে জেলেরা আসে; আশা আছে তাদের কেউ না কেউ এদিকে আসবে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, খালে সুড়সুড় করে জোয়ারের পানি ঢুকছে, তিন-চার ঘণ্টায় পানি আমাদের মাথার ওপর দিয়ে বয়ে যাবে। বেচারা রেজা ভাই, প্রবাসে আয়েশে থেকেও প্রতি শীতে পাখি দেখতে দেশে আসেন; বলেন, ‘মাটির টান’। সে কথা স্মরণ করে বললাম, ‘রেজা ভাই, মাটি আজ সত্যি আমাদের টানছে।’ অট্টহাসি দিয়ে তিনি বললেন, ‘মাটির টানে দেশে এসেছি বলে কি কাদায় ডুবে মরব আজ!’তখনই দেখলাম, দূরে এক জেলেনৌকা পাল তুলে চলে যাচ্ছে। আমরা চার হাত নেড়ে শোরগোল করে দৃষ্টি আকর্ষণের প্রয়াস পেলাম; নৌকা চলে গেল। তারা কি আমাদের ঠাহর করতে পারল না! দুরবিনে চোখ রেখে আমার কিন্তু মনে হলো, পালের নিচে উঁকি দিয়ে এক কিশোর আমাদের দেখছে। আমাদের এ করুণ অবস্থা দেখার পরও কি কেউ এভাবে চলে যেতে পারে! বিশ্বাস হয় না। রেজা ভাইয়ের ধারণা, ওরা ফিরে আসবে। ঘণ্টা পার হলো, কেউ এল না। জোয়ারের পানি বেড়ে চলল। মনুষ্য-প্রজাতির ওপর হতে আমার আস্থা প্রত্যাহারের সংকল্প যখন চূড়ান্ত করে ফেলেছি, তখন দেখি নৌকাটা ঠিকই আমাদের দিকে ফিরে আসছে। পাল নামিয়ে নৌকা খালে ঢুকিয়ে অনেক ঠেলাঠেলি করে জেলেরা এগিয়ে এল; আর খেতের মুলা তোলার মতো কাদা থেকে টেনে ওঠাল আমাদের। নৌকায় বসে আমরা সমস্বরে বললাম, ‘ধন্যবাদ, ধন্যবাদ। আরে ভাই, তখন এলেন না কেন?’ প্রবীণ জেলে বললেন, ‘দরিয়াত জাল হালাই আইলাম। জোয়ারর হানি না বাইলি (বাড়লে) তো এ খালে ঢুকতি হাইত্তাম ন।’