‘মাটির ডাকে আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো আসর বসেছিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। সুন্দর কথামালা, আজীবন সম্মাননা আর রবি ঠাকুরের গানের সঙ্গে নাচ মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। এতে নবীন-প্রবীণ নৃত্যশিল্পী ছাড়াও ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক। সুরঙ্গমা নৃত্যাঙ্গনের ১০ বছরে পূর্তি উপলক্ষে ১ ও ২ এপ্রিল দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ এপ্রিল সন্ধ্যায় লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে নৃত্য—নৃত্যে নারীরা’ শীর্ষক আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি মিনু হক। ‘ফিরে চল মাটির ডাকে’ গানের সঙ্গে চার শিল্পীর নাচ দিয়ে শুরু হয় সমাপনী দিনের অনুষ্ঠান। এরপর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। তিনি বলেন, ‘এই উপমহাদেশের নাচের ঐতিহ্য হাজার বছরের। নাচকে প্রতিযুগে নতুন করা হয়েছে। রবীন্দ্র নৃত্যনাট্যের সৌন্দর্যের তুলনা বিশ্বে বিরল। একসময় চট্টগ্রামে সংগীতের দল-প্রতিষ্ঠানগুলো প্রতিবছর নৃত্যনাট্য করত—এখন আর তা হচ্ছে না।’ প্রধান অতিথি নগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘নৃত্য শুধু নান্দনিক কলা নয়, এটি একটি শিল্প। দেশে নৃত্যচর্চার অনুকূল পরিবেশ দরকার, নইলে শিল্প হিসেবে এর বিকাশ দুরূহ ব্যাপার। ছোট্ট শিশুরা যখন কম্পিউটার, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, যুবসমাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তখন নৃত্যাঙ্গনের এ ধরনের উদ্যোগকে সাহসী বলতে হয়।’ বিশেষ অতিথি কবি আবুল মোমেন বলেন, ‘দেশে নৃত্যচর্চার একধরনের বিকাশ ঘটেছে। তবে এর ব্যাপ্তি ঢাকা কেন্দ্রিক হয়ে পড়েছে। আমরা দেখছি একটি বিশেষ বয়সের পর মেয়েরা নাচতে পারছে না। এ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। ইউরোপ বা আরব ভেঙে টুকরা টুকরা হয়েছে কিন্তু সংস্কৃতির ব্যাপারে তারা এখনো ঐক্যবদ্ধ। আমরাও ভারত-বাংলাদেশ যৌথভাবে এগিয়ে যেতে পারি। বিচ্ছিন্ন ভাবে বেশি দূর যাওয়া যাবে না।’ সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি মিনু হক। স্বাগত বক্তব্য দেন জাহান আরা ফারুক। ভাঙা বাংলা এবং সুন্দর ইংরেজিতে নাচের সঙ্গে শরীর ও মনের সম্পর্ক নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সুরঙ্গমার প্রশিক্ষক কার্লি ব্রাউনসিক। আজীবন সম্মাননা পেয়েছেন প্রবীণ নৃত্যশিল্পী শারমিন হোসেন। তাঁর হাতে স্মারক তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া মিনু হককে উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথি।শারমিন হোসেন বলেন, ‘আমি অভিভূত। যাঁরা প্রবীণ তাঁরা যেন ভুলে না যান নৃত্যকলা। বড়দের শ্রদ্ধা করতে শিখতে হবে নবীনদের।’আলোচনা ও সম্মাননা পর্বের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান। শান্তিনিকেতন নিয়ে লেখা রবি ঠাকুরের ‘এই তো বড় ভালো লেগেছে’ গানের সঙ্গে নাচেন জাহান আরা ফারুক। এরপর একে একে ‘মাটি তোদের ডাক দিয়েছে’, ‘ওরা অকারণে চঞ্চল’, ‘আলো আমার আলো’, ‘বাজে বাজে রম্যবীণা’, ‘আমি চিনিগো চিনি ওগো বিদেশিনী’, ‘আজ খেলা ভাঙার খেলা’, ‘তোরা যে যা বলিস ভাই’, ‘জাগো অমৃত’, ‘তোমার সুরে সুর মেলাতে’, ‘মাধবী হঠাত্ কোথা হতে’, ‘স্বপন পাড়ের ডাক শুনেছি’, ‘বাজে বাজে রঙ্গবীণা’, ‘আয় আমাদের অঙ্গনে’ প্রভৃতি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুরঙ্গমার শিল্পীরা। সবচেয়ে বেশি হাততালি পেয়েছিল ফ্রক পরা চার শিশু। ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানের সঙ্গে চমত্কার নেচেছিল তারা। ‘আমি চিনিগো চিনি’ গানের সঙ্গে সত্যি সত্যি একজন বিদেশিনী (কার্লি ব্রাউনসিক) তুলে ধরলেন ‘বডি মুভমেন্ট’। যা ছিল সত্যিই অন্য রকম।পুরো অনুষ্ঠান উপভোগ করেছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ। তিনি প্রথম আলোকে বলেন, ‘নাচের মুদ্রাগুলো আরও পরিচ্ছন্ন হওয়া উচিত ছিল। তবে নাচে বৈচিত্র্য আনার চেষ্টা ছিল বলে একঘেয়ে লাগেনি। শিল্পীদের পোশাক নির্বাচনও ভালো ছিল। সব মিলে অনুষ্ঠান ভালো হয়েছে।’অনুষ্ঠানে আসা দর্শক সামিয়া আব্বাস বলেন, ‘উপস্থাপক একবার সভাপতিকে বক্তব্য দিতে ডাকলেন। আবার অনুভূতি জানাতে ডাকলেন শারমিন হোসেনকে। অনুষ্ঠান পরিকল্পনায় আরও সচেতন হতে হবে।’