মাদক গ্রহণের একমাত্র পরিণতি মৃত্যু। মাদক গ্রহণ ব্যক্তি, পরিবার, সমাজ কারও জন্য শুভ ফল বয়ে আনে না। তরুণ-যুবকেরা নানা হতাশা থেকে মাদক গ্রহণ শুরু করে। এসব ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। গত শুক্রবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটি শহরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রাঙামাটি বন্ধুসভা এ সভার আয়োজন করে। রাঙামাটি বন্ধুসভার সভাপতি উথান মারমার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, অধ্যাপক ত্রিবিজয় চাকমা, রোটারি ক্লাব অব রাঙামাটি লেকসিটির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ও বৌদ্ধ সাধক আর্যকীর্তি ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাঙামাটি নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা। আরও বক্তব্য দেন রাঙামাটি বন্ধুসভার সহসভাপতি সুনেন্টু চাকমা।বক্তারা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা মাদকের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন গড়ে তুলছেন তার প্রশংসা করে বলেন, মাদক গ্রহণের চেয়ে সামাজিক কর্মে নিজেকে যুক্ত করা শ্রেয়।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনার ফাঁকে বন্ধুসভার সদস্যরা দেশাত্মবোধক বাংলা ও চাকমা গান এবং আবৃত্তি পরিবেশন করেন।