'মাদকের কারণে সামাজিক অস্থিরতা বেড়েছে'
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার বলেছেন, মাদকের কারণে নারী নির্যাতন, ধর্ষণসহ নানা সামাজিক অস্থিরতা বেড়েছে। তাই এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসার বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে হবে। পটিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের ওপেন ‘হাউস ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২১ অক্টোবর সকালে পটিয়া থানা প্রাঙ্গণে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহবুদ্দিন খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়ার পৌরসভার মেয়র হারুনুর রশিদ, পটিয়া সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পটিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে হাবিলাদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কিন্তু এলাকার অপরাধীরা পেশা পাল্টিয়ে ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। কেলিশহর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, রাঙ্গুনিয়া থেেক কেলিশহর-হাইদগাঁও এলাকার পাহাড়ি পথে পটিয়ার সর্বত্র মাদক ছড়িয়ে যাচ্ছে।