'মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে'
‘তরুণেরা এক হয়ে সামাজিক কাজে নিয়োজিত থাকলে অপরাধ অনেকাংশে কমে যাবে। যুগে যুগে তরুণেরাই অসাধ্যকে জয় করেছে। তাই আজকের দিনেও তরুণসমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমস্বরে উচ্চারণ করতে হবে আমরা মাদকমুক্ত সমাজ চাই।’
১২ মার্চ দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অণুচক্রিকা ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। অণুচক্রিকা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সদস্য এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন ও সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী। বক্তব্য দেন সৌদি আরবপ্রবাসী আমির উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, কাউন্সিলর সাইফুল আলম, নারী কাউন্সিলর মাছুমা বেগম, সামাজিক সংগঠন আশার আলো তরুণ একতা সংঘের উপদেষ্টা কবির মো. জুয়েল প্রমুখ।