'মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার সীমিত রাখতে হবে'
মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার সীমিত রাখতে হবে। সন্তানেরা যাতে বিপথগামী না হয়, সে জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে অভিভাবককে।
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তাঁরা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।
গত মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহজান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামশুদ্দিন আহমদ, মোস্তাক আহমদ, চুনতি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কমর উদ্দিন আহমদ, সাবেক সহসভাপতি জহিরউদ্দিন আহমদ প্রমুখ।