'মানবতা ও সাম্যের জয়গান গেয়েছেন নজরুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলের প্রয়াণ দিবস স্মরণে আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের এক শিল্পী
নজরুলের প্রয়াণ দিবস স্মরণে আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের এক শিল্পী

১২ ভাদ্র ছিল সাম্যের কবি নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকীতে নগরজুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয় নানা কর্মসূচি। এসব আয়োজনে বক্তারা নজরুলের শিল্প ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বাঙালিকে মাথা উঁচু করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন কাজী নজরুল ইসলাম। তিনি মানবতা ও সাম্যের জয়গান গেয়েছেন মুক্তকণ্ঠে। তাঁর চেতনা ও আদর্শ চির ভাস্বর হয়ে আছে আমাদের জীবনে।
তারুণ্যের উচ্ছ্বাস: গত ২৭ আগস্ট বাচিক শিল্পচর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস নজরুলের গান ও কবিতা নিয়ে আয়োজন করে ‘দ্রোহের বীণা’। আন্দরকিল্লাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় এরপর নজরুলের ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি’ গানটি পরিবেশন করেন রুবেল চৌধুরী। এরপর নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন ইমাম হোসাইন। আবৃত্তি পর আবার গান পরিবেশন করেন মিঠু তলাপাত্র, আনিকা চৌধুরী ও তুষ্টি চৌধুরী। তাঁরা পরিবেশন করেন বেশ কয়েকটি গান। এরপর আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। এতে অংশ নেন দেবাশীষ রুদ্র, সেলিম উদ্দীন, বেনজির বিনতে শওকত, ইয়াসির সিলমি, সাবারান তানিয়া ও দীপ্ত চক্রবর্তী।
মুক্তিযুদ্ধের প্রজন্ম: মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের উদ্যোগে নগরের বিডিআরসি সম্মেলনকক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী। বক্তব্য দেন লেয়াকত হোসেন, নুরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মিলি চৌধুরী, নাছির উদ্দিন, আব্দুল মালেক খান, সুপ্রিয় দাশ, রফিকুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র: চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ডিসি হিল নজরুল স্কয়ারে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। এরপর সংগঠনের দোস্ত বিল্ডিংয়ের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি মো. আবদুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আসিফ ইকবাল, বোরহান উদ্দিন, আশিষ ভৌমিক, আনন্দ মজুমদার, সোহেল আহমদ, সাবের হোসেন, কামাল হোসেন, রাশেদ মাহমুদ, আমিনুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণাকেন্দ্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণাকেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২ নম্বর গ্যালারিতে স্মরণ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন সহ–উপাচার্য শিরীণ আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণাকেন্দ্রের পরিচালক আমাতুল লায়লা জামান। বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক হামিদা বানু, বাংলা বিভাগের সভাপতি মোহাম্মদ মহীবুল আজিজ, ইংরেজি বিভাগের সভাপতি কামালউদ্দীন আহমদ। আলোচনার পর নজরুলসংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।