'মানবপাচার পুরোপুরি বন্ধ করে কক্সবাজারের বদনাম ঘোচাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ৯ ফেব্রুয়ারি মানবপাচার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, কক্সবাজারের উপপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন।
বক্তারা বলেন, ‘মানবপাচারের মূল পয়েন্ট কক্সবাজার। এ কারণে আমাদের বদনাম হচ্ছে। তবে গত এক বছরের মধ্যে মানবপাচার অনেক কমে গেছে। মানবপাচার পুরোপুরি বন্ধ করে কক্সবাজারের বদনাম ঘোচাতে হবে। পেকুয়ার কয়েকটি পয়েন্ট দিয়েও মানবপাচার হয়ে থাকে। মানবপাচারকে জিরো টলারেন্স দেখাতে হবে। প্রশাসনকে হতে হবে আরও কঠোর।’
সভায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, রাজাখালী বেশারাতুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী, নারীনেত্রী উম্মে কুলসুম, পেকুয়া বিএমআই কলেজের প্রভাষক জামাল সাকিব, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি আবুল ফয়েজ মো. আলা উদ্দিন বলেন, ‘মানবপাচার প্রতিরোধে প্রথমে নারীদের সচেতন হতে হবে। তাঁর স্বামী, ছেলে, ভাই কোথায় যাচ্ছেন, তাকেই আগে ভালোভাবে জেনে নিতে হবে। এ ছাড়া মসজিদ-মন্দির থেকে শুরু করে সব জায়গায় সচেতনতামূলক সভা ও প্রতিটি পাড়া-মহল্লায় মানবপাচার প্রতিরোধ কমিটি করতে হবে। তবেই মানবপাচার প্রতিরোধ সম্ভব।’