চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের উদ্যোগে ‘মানববিদ্যা: চর্চা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় ৬০ জন শিক্ষক অংশ নেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোরশেদুল আলম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষাক্রমের বিষয়বস্তুর মধ্যে আধুনিক মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটে। এই কর্মশালায় অর্জিত জ্ঞানের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকেরা শিক্ষার্থীদের উন্নত পদ্ধতিতে পাঠদানের ব্যাপারে আরও সহায়ক হবেন।’