সনদ জাল করে নগরের একটি কলেজে ভর্তি হয়েছিলেন তিন ছাত্র ও দুই ছাত্রী। পরে সত্যতা যাচাইয়ের সময় ধরা পড়ে জালিয়াতির বিষয়টি। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনের আশ্রয় নেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সংশ্লিষ্ট অনেকে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে সম্প্রতি রায় ঘোষণা করেন। কলেজ ও শিক্ষার্থীদের নাম গোপন রেখে রায়ের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলের জন্য অনেক কষ্ট করতে হয়। অনেক ঘাম ঝরাতে হয়। শিক্ষার্থী তথা সন্তানের জন্য বাবা-মা কিংবা অভিভাবকদেরও অনেক বিনিদ্র রজনী কেটে যায়। শিশু শ্রেণী থেকে শুরু করে শিক্ষার শেষ স্তর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীরা নম্বর ফর্দ (মার্কশিট) ও সনদ (সার্টিফিকেট) অর্জন করে। ছাত্রদের নিরলস প্রচেষ্টার পাশাপাশি থাকে পিতা-মাতা, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের নিরন্তর শুভ কামনা। সঙ্গে যোগ হয় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় কায়মনোবাক্যে প্রার্থনা। আর সেই সনদ জাল করা মানে এই সবকিছুকে অবমাননা করা। সৎ অর্জনের মধ্যে কষ্ট আছে, তেমনি আছে কণ্টক। তার পরও সেই অর্জনে আছে অনাবিল প্রশান্তি। কিন্তু অসৎ অর্জনে সেই প্রশান্তি সুদূর পরাহত। বরং আছে ভয়, উৎকণ্ঠা। কারণ, প্রতি মুহূর্ত তাড়িয়ে বেড়ায় লজ্জিত হওয়ার আশঙ্কা। সেই সঙ্গে রয়েছে অচেতন বিবেকের অবচেতন দংশন। কারণ, কোনো জীবিত মানুষের বিবেক একেবারে মারা যায় না। বিবেকের কোনো সূক্ষ্মতম স্থান সবসময় জেগে থাকে। অনেকটা জেগে ঘুমানো মানুষের মতো। বর্তমান এই দুঃসময়ে মানুষ অনেক বড় বড় খারাপ কাজও অনায়াসে করে ফেলছে। একটা সময় ছিল মানুষ খুব কমই অসৎ কর্ম করত। ছোটখাটো মন্দ কাজকেও মানুষ ঘৃণা করত। মানুষের এই নৈতিকতার চর্চায় এখন ভাটা পড়েছে। নৈতিকতার এই স্রোতস্বিনীতে কোথাও কোথাও জেগে উঠেছে অনাকাঙ্ক্ষিত চর। এই চর অনৈতিকতার, এই চর অবক্ষয়ের। মানুষের মানবিক সত্তা যেন দিন দিন তলিয়ে যাচ্ছে কোনো রহস্যময় চোরাবালিতে। মূল্যবোধের অবক্ষয় এবং নৈতিক বিপর্যয়ের যেন সুনামি চলছে। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আসামিদের দোষী সাব্যস্ত করা যায়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হলো।