ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
'মানসম্পন্ন খাদ্যপণ্য তৈরিতে অবদান রাখবেন খাদ্যবিজ্ঞানের শিক্ষার্থীরা'

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সােয়ন্সেস বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে ৩ জানুয়ারি কর্মশালা ও চাকরি মেলার আয়োজন করা হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের প্রথম ব্যাচের ২৮ জন শিক্ষার্থী চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাস করে যাওয়া এসব শিক্ষার্থীর জন্য এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে স্নাতক ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অনুষদের ডিন পরিতোষ কুমার বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাদ্যবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কারখানায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানার্জনের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণও নিয়েছেন।
উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, উন্নতমানের খাদ্যপণ্য তৈরি খাদ্যবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
অনুষ্ঠানের একপর্যায়ে উপাচার্য অনুষদের প্রথম ব্যাচের ২৮ জন ছাত্রছাত্রীকে সাময়িক সনদ প্রদান করেন। একই সঙ্গে যেসব খাদ্যশিল্প প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ইন্টার্ন কর্মসূচি সম্পন্ন করেছেন, তাঁদের হাতে সম্মাননাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীতীশ চন্দ্র দেবনাথ, মো. শওকত আনোয়ার ও নুরল আনোয়ার।
ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন পরিতোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা, ওয়েল ফুডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান প্রমুখ। চাকরি মেলায় অনুষদের প্রথম ব্যাচের স্নাতক পাস করা ছাত্রছাত্রীদের সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে নিয়োগ দিয়েছে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই চাকরি মেলায় মোট সাতটি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়।