'মানুষকে বই পড়েই শক্তিশালী হতে হবে'
‘মানুষকে বই পড়েই শক্তিশালী হতে হবে। যত দিন মানুষের চোখ থাকবে, তত দিন বই দেখবে, যত দিন হাত থাকবে, তত দিন বই উল্টিয়ে দেখবে।’
কক্সবাজারের সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি নুরুল হুদা এ কথা বলেন।
শহরের শহীদ দৌলত মাঠে (পাবলিক হল) আয়োজিত বইমেলা শেষ হয় ৬ এপ্রিল। শুরু হয়েছিল গত ৩১ মার্চ। মেলার যৌথ আয়োজক ছিল কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং জাতীয় গ্রন্থকেন্দ্র।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ও বইমেলা আয়োজন কমিটির সদস্যসচিব তাপস রক্ষিত।
অনুষ্ঠানে মেলা থেকে সর্বোচ্চ বই সংগ্রহকারী হিসেবে কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক দিদারুল আলম ও কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ ইয়াছিন আরফাতকে পুরস্কৃত করা হয়। সর্বোচ্চ বই ক্রেতা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার সিটি কলেজ ও টেকনাফ লম্বরী মলকা বানু উচ্চবিদ্যালয়।
মেলায় আগামী প্রকাশনী, অনন্যা, শোভা প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, কাকলী প্রকাশনী, বাংলা প্রকাশ, বিদ্যা প্রকাশ, বাংলা একাডেমিসহ ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের জানান, সপ্তাহব্যাপী বইমেলা জমজমাট হয়েছে। বিশেষ করে স্কুল–কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।