‘মানুষটাকে দেখব কী আওয়াজই তো শুনি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ-ছয় মাসে তার সঙ্গে একবার দেখা হয়। অনেক কষ্ট করে এখানে আসি। দুই বছর ধরে সে জেলে। আর কত দিন থাকতে হবে জানি না। দেখা করতে এসে তারে দেখব কী, আওয়াজই তো শুনি না। ওর সঙ্গে এখন আমরাও যেন সাজা ভোগ করছি।’এভাবেই নিজের মানসিক যন্ত্রণার কথা বলছিলেন ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা নাসিমা আক্তার। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে তাঁর সঙ্গে কথা হয়। পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে কারাগারে এসেছিলেন স্বামী মো. আনিসের সঙ্গে দেখা করতে। নাসিমা বলেন, ‘গত রাতে ঢাকা থেকে রওনা দিই। চট্টগ্রামে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছি। সকাল নয়টায় এখানে এসেছি।’ তিনি জানান, বছর দুয়েক আগে হাটহাজারী এলাকায় স্বর্ণ চুরির একটি মামলায় গ্রেপ্তার হন আনিস। সেই থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই আছেন তিনি। নিজের কষ্টের কথা বর্ণনা করে তিনি বলেন, ‘শ্বশুর-শাশুড়ি কেউ নেই। হাটহাজারীতে আমার স্বামীর কিছু খারাপ বন্ধু ছিল। তারাই তাকে মামলায় ফাঁসিয়েছে। টাকা জোগাড় করতে পারলে পাঁচ-ছয় মাস পরে একবার দেখা করতে আসি।’চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারাগারে বর্তমানে প্রায় চার হাজার বন্দী আছেন। সপ্তাহের সাত দিনই বন্দীদের আত্মীয়স্বজনেরা দেখা করতে আসেন জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেখা করার সুযোগ পান স্বজনেরা। দেখা করার সেই স্থানটি কেমন? চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ অংশে বন্দীদের সঙ্গে দেখা করার জন্য একটি কক্ষ আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ১৩টি জানালার মতো অংশ আছে। এর একপাশে থাকেন বন্দী অন্য পাশে স্বজন। আড়াআড়িভাবে দুই স্তরে লোহার বেড়া দেওয়া আছে। এ প্রান্ত থেকে বন্দীদের চেহারাও ভালোভাবে দেখা যায় না। কক্ষটিতে সবাই একসঙ্গে কথা বলছেন। তাই কোনো শব্দই স্পষ্ট নয়। শুধু এক ধরনের গুঞ্জন শোনা যায়। কেউ আকারে ইঙ্গিতে মুখ-হাত নেড়ে ওই প্রান্তের স্বজনকে কিছু বোঝাতে চাইছেন। কেউ বা চুপচাপ দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছেন ওপাশের প্রিয়জনের দিকে। নগরের বাকলিয়া থেকে এসেছিলেন রহিমা বেগম। তাঁর সঙ্গে কথা হয় অপেক্ষমাণ স্বজনদের জন্য নির্ধারিত ছাউনিতে। সেখানে প্রায় শ খানেক দর্শনার্থী অপেক্ষায় ছিলেন। রহিমা জানান, মাদকের মামলায় প্রায় তিন মাস ধরে জেল খাটছেন তাঁর স্বামী কাওসার। এ নিয়ে তিনবার দেখা করতে এসেছেন। আগে দুবার খাবার দিয়েছেন। পরেরবার রহিমার স্বামী জানিয়েছেন, সেসব খাবার তিনি পেয়েছিলেন। কারাগার সূত্র জানায়, এই ছাউনিতে একজন কারারক্ষী দর্শনার্থীদের কাছ থেকে বন্দীর নাম জেনে নিয়ে একটি রসিদ কাটেন। ওই রশিদ অনুসারে ধারাবাহিকভাবে বন্দীদের ডেকে আনা হয়। ছাউনিতে অপেক্ষমাণ কয়েকজন দর্শনার্থী অভিযোগ করেন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রসিদকাটা চলে ধীরগতিতে। কখনো কখনো বন্ধ থাকে। তবে আরেক দর্শনার্থী মো. আলমগীর বলেন, ‘আমি আগেও বেশ কয়েকবার দেখা করেছি। নিয়ম মেনে চলতে বললেই লোকজন বিরক্ত হয়। অনেকে কারাগারের নিয়ম-কানুন জানেও না। দুপুরে বন্দী ও কারারক্ষীদের খাওয়া ও গোসলের সময়। তাই এ সময় কিছুক্ষণ রসিদকাটা বন্ধ থাকে।’আলমগীরের কথার সত্যতাও পাওয়া গেল। কিছুক্ষণ পর ওই ছাউনিতে থাকা এক কারারক্ষীকে একটা অনুরোধ জানাতে আসেন নগরের দক্ষিণ পতেঙ্গার বাসিন্দা শামসুন নাহার। তিনি বলেন, ‘আমার স্বামী অসুস্থ। ডাক্তার তাকে মাঝে মাঝে মদ খেতে বলেছিল। তাই সে একটু মদ খেত। তাইলে পুলিশ তারে ধরে নিয়ে আসল কেন। আপনারা তাকে ছাড়ার ব্যবস্থা করতে পারবেন?’ দর্শনার্থীদের দেখা করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহের সাত দিনই বন্দীদের স্বজনেরা দেখা করতে আসেন। আমরা চাই সবাই যেন ভালোভাবে দেখা করতে পারেন। কিন্তু বন্দীরা তো জানেন না কোন দিন কার স্বজন আসবেন। তাই তাঁরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন। চার হাজার বন্দীর মধ্য থেকে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতেও একটু সময় লাগে।’