‘মানুষের প্রতি বিশ্বাস নিখাদ হয়েছে’
একদিকে মানুষের অকুণ্ঠ শুভকামনায় জীবন ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে প্রিয় বন্ধুকে হারানোর বেদনা। এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে কিছু বলার ভাষাই যেন হারিয়ে ফেলেছেন শিল্পী ঢালী আল মামুন।মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন জীবনে। ফিরে এসেছেন প্রিয় শহর চট্টগ্রামে। অজস্র মানুষের ভালোবাসা ও উৎকণ্ঠার কথা ভুলতে পারছেন না। দুই বন্ধুকে হারানোর শোকও মর্মে গেঁথে আছে। গত বৃহস্পতিবার শিল্পী ঢালী আল মামুনের সঙ্গে আলাপচারিতায় এসব প্রসঙ্গ উঠে আসে। ব্যাংককে চিকিৎসাধীন থাকার সময় প্রথম দিকে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু সংবাদ তাঁকে জানানো হয়নি। তিনি বলেন, ‘আমি জানতাম তারেক সিঙ্গাপুরে আর মুনীর ঢাকায় চিকিৎসাধীন। এর কদিন পর জানলাম, তাঁরা গুরুতর অসুস্থ। এরপর একদিন শুনলাম তারেক আর মুনির কোমায় আছেন, ওই অবস্থা থেকে তাঁরা ফিরবেন কি না, চিকিৎসকেরা সন্দেহ করছেন। তাঁদের অবস্থার ক্রমাবনতির কথা শুনিয়ে আমাকে যে বন্ধুর মৃত্যুসংবাদের জন্যই প্রস্তুত করা হচ্ছিল, তাতো জানতাম না। দুর্ঘটনার আগের মুহূর্তগুলো বার বার মনে পড়ছে। মৃত্যুর মাত্র পাঁচ মিনিট আগে মাসুদ আমাদের দুজনেকে দুটো পেয়ারা খেতে দিয়ে বাসায় ফোন করে বাবুর্চিকে বলেছিল—জলি ও মামুন বাসায় খাবে।’ বন্ধু হারানোর শোকের মাঝে মানুষের ভালোবাসাই এখন সান্ত্বনা। তিনি বলেন, ‘মানুষ সম্পর্কে আমার বিশ্বাস বরাবরই ছিল। কিন্তু কিছুটা হতাশাও ছিল, মাঝেমধ্যে নেতিবাচক অনুভূতিতে আক্রান্ত হতাম। এই দুর্ঘটনার পর মানুষের প্রতি আমার বিশ্বাস নিখাদ হয়েছে। দেশের মানুষ আমার জন্য যা করেছে, তা অকল্পনীয়, এই ঋণ কিছুতেই শোধ করার মতো নয়। এই অনুভূতি থেকে আমার ভেতরে জন্ম নিয়েছে মানুষের প্রতি এক ধরনের দায়বোধ। এই শৈল্পিক দায়বোধ নিয়েই বাকি জীবন কাজ করে যাব।’ তাঁর সহধর্মিণী শিল্পী দিলারা বেগম জলিও বললেন একই কথা, ‘মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে হলে ভালো কাজ করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’ দুর্ঘটনায় আহত হয়েছিলেন জলি নিজেও। কিন্তু গুরুতর আহত ঢালীকে সুস্থ করে তোলার লড়াই ভুলিয়ে দিয়েছে তাঁর নিজের অসুস্থতা। সেই ১৩ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত দিনগুলো সর্বক্ষণ কেটেছে এক চরম অনিশ্চয়তার মধ্যে। ঘুম ছিল না চোখে। সেই সব দিনের কথা বলতে বলতে বার বার চোখ মুছছিলেন। ১৯৮৩ সাল থেকে তারেক মাসুদের সঙ্গে ঢালী আল মামুনের সখ্য। তারেক মাসুদ তাঁর যেকোনো কাজে তাঁকে সম্পৃক্ত করতেন। বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে মামুন বললেন, ‘অপাপবিদ্ধ জল শিরোনামে আমি যে স্থাপনাশিল্পটা করেছিলাম, তাতে আবহ সংগীত ও সাউন্ড ইফেক্ট সৃষ্টিতে তারেক আমাকে সাহায্য করেছে। ঔপনিবেশিক আমল নিয়ে আমি কিছু কাজ করার পরিকল্পনা করছিলাম। এ কথা জানার পর তারেক আমাকে একটা বই দিয়েছিল। বইটির নাম অ্যা হিস্ট্রি অব ওয়ার্ল্ড উইথ সিক্স গ্লাসেস। তাঁর জানার পরিধি ছিল খুবই বিস্তৃত। জ্ঞানের নানা শাখায় অবাধ বিচরণ। একসময় হন্যে হয়ে আমি রুমির কবিতা খুঁজছিলাম। শেষ পর্যন্ত তারেকের কাছ থেকেই বইটা পাই। শুধু আমাকে নয়, তারেক মাসুদ এভাবে সবাইকে সাহায্য করত। বিশেষ করে, চলচ্চিত্রে আগ্রহী তরুণদের সে নানাভাবে সাহায্য করত। আমাকেও সে তার নিজের কাজে জড়িয়ে ফেলত। কোনো কাজের কথা মাথায় এলে আমাকে জানাত। প্রতিটি ছবির চিত্রনাট্য দেখা, শুটিংয়ের লোকেশন খোঁজা, সব কাজে আমি নিজের অজান্তে জড়িয়ে যেতাম। মাটির ময়না ছবিটির নির্মাণপ্রক্রিয়ায় তার সঙ্গে ছিলাম, কাগজের ফুল তৈরি করার প্রথম পর্যায়েই সম্পৃক্ত হয়ে গেলাম।’ তারেক মাসুদ সব সময় সৃষ্টির ঘোরের ভেতরে থাকতেন বলে জানালেন মামুন, ‘সে ছিল একজন সার্বক্ষণিক শিল্পী। শেষ পর্যন্ত এই শিল্পের জন্য সে প্রাণ দিল।’তারেক মাসুদের মতো মিশুক মুনীরের সঙ্গেও সখ্য ছিল মামুনের। কোনো কাজে চট্টগ্রাম এলেই তাঁর বাসায় উঠতেন মিশুক মুনীর। এ দেশের ইলেকট্রনিক মিডিয়ায় মিশুক মুনীরের অবদানের কথা বলতে গিয়ে মামুন বলেন, ‘একুশে টেলিভিশনের সাফল্যের পেছনে মিশুকের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কাজ ছাড়া সে কিছুই বুঝত না। সে ছিল পুরোদস্তুর আধুনিক ও অসাম্প্রদায়িক মানুষ।’ চট্টগ্রামে পৌঁছার দিন থেকেই শুভাকাঙ্ক্ষীদের ভিড় লেগেই আছে ঢালী আল মামুনের বাসায়। চিকিৎসকের নির্দেশ, তাঁকে আরও অনেক দিন বিশ্রামে থাকতে হবে। বেশি কথা বলাও বারণ। তাঁর প্রত্যাবর্তনে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে স্বস্তি এসেছে। সহকর্মীরাও খুশি। চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর এবং শিল্পী নাজলী মনসুর বললেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঢালীকে কর্মক্ষম অবস্থায় ফিরে পেয়েছি। ঢালী আবার ক্যাম্পাসে যাবেন। তিনি আবার আঁকবেন। নবীন শিল্পীদের পথ দেখাবেন।’ শিল্পী তাসাদ্দুক হোসেন বলেন, ‘আমরা খুব উৎকণ্ঠায় ছিলাম। এখন অনেক ভালো লাগছে। স্বস্তি পাচ্ছি।’শিল্পচর্চায় সব সময় মানুষকে অগ্রাধিকার দিয়েছেন ঢালী আল মামুন। দুর্ঘটনা তাঁকে আরও বেশি মানুষের কাছাকাছি এনেছে। তিনি জানালেন, গণহত্যা নিয়ে কিছু কাজ করার পরিকল্পনা ছিল তাঁর। এখন এর সঙ্গে সড়ক দুর্ঘটনার বিষয়টাকেও জুড়ে দেবেন। কারণ তাঁর ভাষায়, এ দেশে সড়ক দুর্ঘটনায় যেভাবে অকাতরে মানুষ প্রাণ হারাচ্ছে, তা নিছক দুর্ঘটনা নয়; এক ধরনের গণহত্যাই।