
ঠাকুরগাঁওয়ের আবদুল আজিজ ঢাকা গিয়েছিলেন আর্ট কলেজে ভর্তি হওয়ার আশায়। ফিরতে হলো চটপটি বানানো শিখে। গত ৩২ বছর ধরে সারা দিন চটপটি বিক্রি করেন। রাতে বাড়ি ফিরে পেনসিল ও কাগজ নিয়ে বসেন। তাঁর দোকানের নাম ‘ছবি চটপটি ঘর’। ছুটির দিনে ছেলেমেয়েদের নিয়ে এসেছিলেন কলেজশিক্ষক কামরুল ইসলাম। বললেন, ‘ছোটবেলায় স্কুল ছুটির পর এই আজিজ ভাইয়ের দোকানে চটপটি খেতাম, এখনো আসি। তাঁর কাছেই আমরা চটপটি খাওয়া শিখেছি।’
টক-ঝাল চটপটি বিক্রি করে ঠাকুরগাঁও শহরের সবার পরিচিতি আজিজ। কিন্তু এই ৫৮ বছর বয়সী যে একজন অঙ্কনশিল্পীও তা অনেকের অজানা।
আজিজের সহধর্মিণী বিলকিস বেগম বলেন, ‘আমি রাত জেগে তাঁর আঁকাআকি দেখি। সে আলাদা জগতের মানুষ। সারা দিন দোকান করে আবার রাতে আঁকতে বসে। আমি চা বানিয়ে দিই। তাঁর সাথে আমার ২৬ বছরের সংসার। তিন বছর আগে রাগ করে সে ছবি আঁকা বাদ দিছিল। আমি উৎসাহ দেই। তিনি আবার শুরু করেন।’
বন্ধুদের দেখাদেখি ছোটবেলায় আজিজ আঁকাআকির প্রতি আগ্রহী হন। তবে বন্ধুরা তাঁকে আঁকতে শেখায়নি বলে তাঁর জেদ চাপে। প্রথমে তিনি ভর্তি হন স্থানীয় কোকিল স্কুলে। ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন।
দু-তিন টাকা দামের পেনসিল আর ফুলস্কেপ সাদা কাগজে ১৯৮২ সালে আঁকাআকি শুরু করেন। আবদুল আজিজ বলেন, ‘যা-ই চোখে পড়ত তা-ই আঁকতাম। আঁকতে আঁকতে মনের ভেতর খোরাক জমে গেছে।’
এরপর তিনি চলে আসেন ঢাকায়। মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় ঢাকার আর্ট কলেজে ভর্তি হতে পারেননি। সিদ্ধেশ্বরীতে ফাস্ট ফুডের দোকানে কাজ নেন। রপ্ত করেন চটপটি ও ফুচকা তৈরির কৌশল। ঠাকুরগাঁও ফিরে ১৯৮৪ সালে জেলা সদরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে প্রথম চটপটি ব্যবসা শুরু করেন। পরে চলে আসেন স্কুলের সামনের বড় মাঠে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চটপটি বিক্রি করতেন। রাতে না ঘুমিয়ে পেনসিল ও কাগজ নিয়ে বসে পড়তেন কুপির আলোতে ছবি আঁকতেন।
আজিজ সরকারি স্কুলের ছেলেদের বিনা পারিশ্রমিকে ব্যবহারিক খাতার ছবি এঁকে দিতেন। জেলা স্কুলের ছেলেরা টিফিনে কিংবা স্কুল ছুটির পর তাঁর এখানে চটপটি খেত, এখনো খায়। ওদের কেউ তাঁকে বিদেশ থেকে পেনসিল এনে দেয়, কেউ কেউ ঢাকা থেকে কাগজ কিনে পাঠায়।
আজিজ আঁকার জন্য কোনো রং ব্যবহার করেন না। শুধু পেনসিল আর একটুকরো কাগজেই তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন গ্রামীণ আবহ। শুধু পেনসিল কেন, রঙের ব্যবহার কেন নয়—এর জবাবে বাঁহাতি এই অঙ্কনশিল্পী বলেন, ‘আমাকে পেনসিল দিয়ে যা-ই দেখানো হবে, তা-ই আঁকতে পারব। গ্রামবাংলার ঐতিহ্য যেগুলো হারিয়ে যাওয়ার পথে বা হারিয়ে গেছে, সেসব আমি পেনসিল দিয়ে ফুটিয়ে তুলি। পেনসিলে আঁকলে যে দেখে সে রং মনে মনে বানিয়ে নেয়। কেউ এই ছবি দেখলে তাঁর গ্রামের কথা মনে পড়বেই।’
পালকি করে বিয়ের যাত্রা, মাছ ধরা শেষে জেলেদের বাড়ি ফেরা, পাহাড়ি জুমচাষ, তাঁত বোনার চিত্র, দলবেঁধে কিষানের ঘরে ফেরা কিংবা বাঁশবাগানে দুরন্ত চাকমা কিশোরী—এসব বিষয় নিয়ে তাঁর আছে অনেক ছবি। তাঁর ছবির নাম ‘বিয়ের বিদায়’, ‘জন্মের সাধ’, ‘ছায়ানৃত্য’, ‘ক্ষুধার্তের মুখোমুখি’, ‘শ্রমের চাকা’, ‘মধ্যদুপুর’, ‘স্মৃতি ও পুরোনো’, ‘রাখালের গোধূলি’ আরও অনেক।
কীভাবে আঁকা শিখলেন এমন প্রশ্নে আজিজ বলেন, শিল্প জিনিসটা তিনি প্রথমে কিছুই বুঝতেন না। আঁকতে আঁকতে শিখে গেছেন কীভাবে কাগজ আর পেনসিল দিয়ে গল্প বলতে হয়।
তিনি আরও বলেন, ‘আমার প্রাপ্তি আমি এখনো এই বয়সে এসেও ছবি আঁকতে পারি। এত বছর পার করার পরও আমি শিল্পী হতে চাই, এটাই আমার ইচ্ছা। এখনো অনেক শেখা বাকি।’
আজিজ তাঁর আঁকা ৫০টি চিত্রকর্ম আঠা দিয়ে দেয়ালে লাগিয়ে প্রথম প্রদর্শনী করেন ২০০০ সালে ঠাকুরগাঁও জেলা পাঠাগার মিলনায়তনে। সাত দিনের ওই প্রদর্শনীতে তাঁর ১১টি চিত্রকর্ম ৬০ হাজার টাকায় বিক্রি হয়। বাকি ৩৯টি ছবি নষ্ট হয়ে যায় অর্থাভাবে বাঁধাই না করায়। আজিজ ইতিমধ্যে ৩৫টি চিত্রকর্ম এঁকেছেন। আরও ১৫টি ছবি আঁকবেন। এই ৫০টি ছবি নিয়ে আরেকটা প্রদর্শনী করতে চান তিনি।
আজিজ ছবি আঁকেন মানুষের ভালোবাসা পেতে।
আজিজ বলেন, ‘আমি জীবনের সাথে যুদ্ধ করেছি যে আমাকে ছবি আঁকতেই হবে। যাতে মানুষ আমাকে প্রাধান্য দেয়, ভালোবাসতে শেখে। আঁকাআঁকি ও চটপটি বিক্রি করে আমি মানুষের ভালোবাসা কুড়াচ্ছি।’