'মানুষের সেবা করে যেতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম
নজরুল ইসলাম

জামালপুর কারাগারে এক কয়েদির আর্তি শুনে বড্ড মায়া হয়েছিল সেদিন। কথা দিয়েছিলেন, অনুসন্ধান করে সত্য উদ্ঘাটন করবেন। করেও দেখিয়েছেন তিনি। পুলিশ সুপার নজরুল ইসলামের অনুসন্ধানের কারণেই যাবজ্জীবন সাজা পাওয়া ‘নির্দোষ’ এক দম্পতি (শাহীন-সজনী) আজ মুক্তির আলো দেখছেন।

ওই দম্পতির দেখা পেলেন কী করে?
একদিন কারা পরিদর্শনে গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা। নাম জিজ্ঞেস করতেই তিনি কেঁদে ফেললেন। বললেন, তাঁর নাম সজনী। বিনা দোষে চার মাস ধরে জেল খাটছেন। পুরুষ সেলে তাঁর স্বামীও বন্দী। একমাত্র বাচ্চা খালার কাছে। বাসার কাজের মেয়েকে হত্যার দায়ে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আসলে মেয়েটা বাসা থেকে পালিয়েছিল। তাঁরা হত্যা করেননি। কথাগুলো মর্মস্পর্শী ছিল। তাঁর কথায় এমন কিছু ছিল, যা শুনে মনে হলো, আসলেই তিনি সত্য বলছেন। তাঁকে কথা দিয়ে এলাম সত্য বের করব।

তারপর কী করলেন?

সজনী আমাকে কাজের মেয়েটার নাম লাকী, বাড়ি শ্রীমঙ্গলে, এটুকুই শুধু বলতে পারলেন। কারাগার থেকে বেরিয়ে মৌলভীবাজারের এসপিকে ফোন দিলাম। কদিন পর জানা গেল, ওই নামে এক মেয়ে হবিগঞ্জের বাহুবলে আছে। বিয়ে করেছে। সঙ্গে তার বাবাও থাকে। লাকীর বাবার নামটাও মিলে গেল। যখন সব তথ্য মিলে গেল, তখন আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাকী ও তার বাবাকে গ্রেপ্তার করে জামালপুরে আনলাম।

এতসব করলেন কিসের তাগিদে?

মানবিক দায়বদ্ধতা থেকে। আমার সুযোগ আছে। আমি যদি না করি তাহলে করবেটা কে? তা ছাড়া তিনটি জীবন ধ্বংস হতে চলেছিল।

আপনার জীবনে এ রকম আরও কোনো ঘটনা আছে?

এই জামালপুরেই এক প্রবাসীর স্ত্রী তাঁর মেয়েকে নিয়ে পথে বসেছিলেন প্রায়। তাঁদের সারা জীবনের জমানো টাকায় করা বাড়িটা প্রভাবশালীরা দখল করেছিল। থানা মামলা নিচ্ছিল না। মহিলা কেঁদেকেটে আমাকে এসে ধরলেন। শেষে তিনি বাড়ি ফিরে পেয়েছিলেন।

ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মানুষের জন্য কিছু করলে তারা যখন অন্তর থেকে দোয়া করে, তখন খুব ভালো লাগে। এই চাকরিতে থেকে যতটুকু পারি, মানুষের সেবা করে যেতে চাই।

সাক্ষাৎকার: আবুল হাসনাত