'মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা মানবাধিকার লঙ্ঘন'
কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেছেন, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা মানবাধিকারের লঙ্ঘন। এমনও উদাহরণ আছে, একটি হত্যা মামলার আসামিরা ২৪ বছর ধরে আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।
গত বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান লিগ্যাল এইডের মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সর্বশেষ পরিসংখ্যান দিয়ে জেলা ও দায়রা জজ বলেন, বর্তমানে কক্সবাজার আদালতে ৬৪ হাজার ৯৭৪টি মামলা ঝুলে আছে। একদিকে মামলাজট, অন্যদিকে বিচারকশূন্যতায় আদালতের নাজুক পরিস্থিতি যাচ্ছে। নয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জায়গায় আছেন মাত্র তিনজন। এই তিনজন ম্যাজিস্ট্রেট দিয়ে হাজার হাজার মামলা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। এভাবে চললে মামলার জট আরও বাড়বে। তিনি লিগ্যাল এইড কমিটির মামলাগুলোর বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দেন।
পরে ‘মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা’ বিষয়ক মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা হোসনে আরা, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ, মো. নুরুল ইসলাম, প্রকৌশলী কানন পাল, মুক্তির প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার, ইউএনডিপি প্রতিনিধি মহিতোষ কুমার রায় প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক কর্মকর্তা অজিত নন্দী।