'মায়ের দুধে বাড়ে শিশুর বুদ্ধিমত্তা'

বেশিদিন ধরে মায়ের দুধ খাওয়ার সঙ্গে শিশুর বুদ্ধিমত্তার বিকাশের সম্পর্ক পাওয়া গেছে। ব্রাজিলের বিজ্ঞানীদের দীর্ঘমেয়াদি ও বিশদ এক গবেষণায় দেখা গেছে, যে শিশুরা দীর্ঘ সময় ধরে মায়ের দুধ খেয়েছে প্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁরা বুদ্ধিমত্তার পরীক্ষায় বেশি ভালো করেছে। বিশ্লেষকেরা বলছেন এই গবেষণা শিশুকে প্রথম ছয় মাস ধরে কেবল মায়ের দুধ খাওয়ানোর পরামর্শকে আরও জোরদার করতে পারে। খবর বিবিসির।
দ্য ল্যানচেট গ্লোবাল হেলথ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটিকে এর দারুণ গবেষণা মডেল এবং দীর্ঘমেয়াদি ও বিশদ পর্যবেক্ষণের জন্য প্রশংসা করেছেন অনেক বিশেষজ্ঞরা। ৩ হাজার ৫০০ শিশুর ওপর দীর্ঘমেয়াদি এই গবেষণাটি চালানো হয়। মায়ের দুধ খাওয়ার সঙ্গে বুদ্ধিমত্তা বিকাশের বিষয়টি জোর দিয়ে বলা হলেও এ ক্ষেত্রে অন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রভাবকও উঠে এসেছে এই গবেষণায়। গবেষকেরা বলছেন, মায়ের শিক্ষা, পারিবারিক আয় এবং জন্মের সময় শিশুর ওজনও ভবিষ্যতে তার বুদ্ধিমত্তার বিকাশে গুরুত্বপূর্ণ।
ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব পেলাটোস-এর ডক্টর বেরনারদো লেসা হোর্তা এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। ডক্টর হোত্রা বলেছেন, এই গবেষণাটি একটি স্বতন্ত্র চিত্র তুলে এনেছে, কেননা যে জনগোষ্ঠীকে তিনি পর্যবেক্ষণ করেছেন সেখানে মায়ের দুধ খাওয়ানো নিয়ে নানা রকমফের আছে। বিষয়টি এমন নয় যে কেবল ধনী ও শিক্ষিতরাই শিশুকে মায়ের দুধ খাওয়াচ্ছে। এখানে বেশির ভাগ শিশুই মায়ের দুধ খায়-কেউ এক মাসের চেয়ে কম সময় ধরে আবার কেউ কেউ এক বছরেরও বেশি সময় ধরে। ডক্টর হোর্তা বিশ্বাস করেন মায়ের দুধ শিশুকে বাড়তি অনেক সুবিধা দিতে পারে। মায়ের দুধ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা দারুণ উৎস যা মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ।
কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, এই গবেষণা এটাকে নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে, মায়ের দুধ খাওয়ার সঙ্গে আবশ্যিকভাবেই বুদ্ধিমত্তা বিকাশের সম্পর্ক আছে। ফলে এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও গবেষণা প্রয়োজন। তবে, শিশুদের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা সম্পর্কে কোনো প্রশ্ন নেই।
যুক্তরাজ্যের রয়াল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ-এর পুষ্টি বিষয়ক পরিষদের চেয়ারম্যান ডক্টর কলিন মিশি বলেছেন, ‘মায়ের দুধের সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক নিয়ে বহু বছর ধরে অনেক গবেষণাই হয়েছে, কিন্তু অনেকগুলোর যথার্থতাই প্রশ্নবিদ্ধ হয়েছে। অবশ্য (ব্রাজিলের) এই গবেষণায় অনেকগুলো প্রভাবক নিয়ে কাজ করা হয়েছে। তিরিশ বছর বয়সে শিক্ষা ও উপার্জনের মতো বিষয় যুক্ত হয়েছে এবং সংখ্যাগত দিক থেকেও গবেষণাটি বড়। সব মিলিয়ে এটা শক্তিশালী গবেষণা।’
মিশি আরও বলেন, এটা মনে রাখা দরকার যে, শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য অনেকগুলো প্রভাবকের মধ্যে মায়ের দুধ খাওয়ানোটা গুরুত্বপূর্ণ একটি। যে নারীরা সন্তান ধারণ করতে যাচ্ছেন তাদের সামনে শিশুকে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরা প্রয়োজন।