
বৈশাখের দুপুরে গরমটা যেমন জেঁকে বসেছে, রাস্তায়ও যানজটেরও কমতি নেই। গন্তব্য শাহবাগ থেকে বাংলা একাডেমি, কয়েকটি বই কিনতে হবে। যানজট এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্য দিয়েই হাঁটা দিই। শিখা চিরন্তনীতে ঢুঁ মারার লোভটা ছাড়া গেল না, জায়গাটা বেশ সুন্দর। ওখানে যেতেই দেখি অল্প বয়সী একটি ছেলে এক হাত দিয়ে চোখের পানি মুছছে, অন্য হাতে গাছের পাতা ছিঁড়ছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি, কী হয়েছে? চোখের পানি না মুছেই ছেলেটির জবাব, ‘একটু দেরি হলেই চড় দিতে হবে?’ আমার প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুড়ে দেওয়ায় বিষয়টা স্পষ্ট হচ্ছিল না।
নাম কী তোমার?
চটপট উত্তর, ‘ভালো নাম মো. সেলিম হোসেন, তবে সবাই রানা বলে ডাকে।’ কাঁদছিলে কেন? এবার পাতা ছিঁড়তে ছিঁড়তে রানার উত্তর, ‘আমার মালিকের মাথা গরম। একটু কিছু হইলেই চড়থাপড় মারে। আর সারাক্ষণ বকতেই থাকে। আমাকে আটা কিনতে পাঠাইছে। ফিরতে দেরি হওয়ায় ঠাস কইরা গালে একটা চড়।’ এখানে কী করছ? কান্নাভেজা কণ্ঠে রানার উত্তর, ‘মন খারাপ হলেই এখানে আসি। মানুষজন দেখি, বাতাস খাই। তারপর আবার হোটেলে যাই।’
১৩ বছরের রানা রাজধানীর একটি হোটেলে কাজ করে। বেতন মাত্র ৮০০ টাকা। তবে বকশিশ যা পায় তাতে সব মিলিয়ে মাস শেষে তিন হাজার টাকার মতো হয়। নিজের জন্য পাঁচ শ টাকা রেখে বাকিটা বাড়ি পাঠিয়ে দেয়। হোটেলে রানার কাজ মূলত টেবিল পরিষ্কার ও খাবার-দাবার পরিবেশন করা। কিন্তু কোনোভাবে ভুল হলে আর রক্ষা নেই। হোটেলের মালিক গায়ে হাত তোলেন আর বকাঝকা তো আছেই। মাথাটা একটু নিচু করে রানা বলে, ‘মারলে অনেক কষ্ট পাই, কিন্তু তার চেয়ে বেশি শরম লাগে কাস্টমারদের সামনে যখন বকা খাই।’
রানার বাড়ি হবিগঞ্জে। দুই ভাই ও দুই বোনের মধ্যে রানা সবার ছোট। রানার বড় ভাইও রাজধানীর একটি হোটেলে কাজ করে। রানাদের আর্থিক অবস্থা একসময় ভালোই ছিল। বড় দুই বোনের বিয়ে দিতেই বাবাকে জমি বন্ধক দিতে হয়, ঋণ নিতে হয় ব্যাংক থেকে। রানা তখন খুব ছোট। মাত্র আট বছর। কিন্তু সংসারের প্রয়োজনে সেই বয়সেই রোজগারের পথে নামতে হয় রানাকে। তাই লেখাপড়ার পাঠ বেশিদূর এগোয়নি। তবে দ্বিতীয় শ্রেণী পাস রানার নাম-ঠিকানা লিখতে বেগ পেতে হয় না।
এখানে কাজ করার আগে রানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। সেখানে ওর কাজ ছিল অফিসের কর্মকর্তাদের খাবার-দাবার তদারকি আর ব্যবস্থাপকের ফুট-ফরমাশ খাটা। সেখানেও রানা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তাই বেশিদিন কাজ করা হয়নি সে প্রতিষ্ঠানে, মাত্র তিন মাসের মাথায় পালিয়েছে। কারণ হিসেবে রানা জানায়, ‘আমাকে ছোট পেয়ে সবাই খুব খাটাত। একটু দোষ করলেই বকা। আর একজন বস ছিল, সে আমারে গালাগালি করত। তাই ওইখান থেকে পালাইছি। রাতে অফিসেই থাকতাম, দিনে একটু বাইরেও যেতে দিত না। কেমন বন্দী লাগত!’
রানা পাঁচ বছরের কর্মজীবনে চারবার কর্মস্থল বদল করেছে। রানার দ্বিতীয় কর্মস্থল ছিল তার এলাকার এক ব্যবসায়ীর বাসা। ব্যবসায়ী চাচা রানাকে
আদর করলেও তার স্ত্রী ও ছেলেরা রানাকে প্রায়ই মারধর করত। মা-বাবাকে রানা সব কথা জানালে তারা বলত, ‘একটু সহ্য কর বাবা।’ মার খেয়েও রানা সেখানে বছর দুই কাজ করেছে। এরপর আবার ছুট! রানা বলে চলে, ‘মাইর সহ্য না করতে পেরে একদিন ম্যাডামের টাকা চুরি করে পালাইছি।’ কী সরল স্বীকারোক্তি! দ্বিধাহীন কণ্ঠে বলে যাচ্ছে সব।
মুচকি হেসে আমি বলি, চুরি করা খারাপ, অন্যায়। তা ছাড়া তোমার মনে হয় পালানোর রোগ আছে। এবার একটু লজ্জা পেয়ে রানা বলে, ‘জানি তো চুরি করা ভালো না, কিন্তু ওরা যে আমারে মারত।’ কথা বলতে বলতে খেয়াল করি, রানা অন্য সবার থেকে আলাদা, ভীষণ স্মার্ট। শুদ্ধ উচ্চারণে কথা বলে, মাঝেমধ্যে অবশ্য দু-একটি আঞ্চলিক ভাষা এসে যায়। রানাকে বলি, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। স্মিত হেসে রানা বলে, ‘ওই বাসার আন্টি আমাকে শিখাইছে। এর জন্য মাইরও খাইছি। অশুদ্ধ ভাষা বললেই আন্টি মাইর দিত। বলত, আমার বাচ্চারা তোমার সাথে খেলে। তুমি অশুদ্ধ ভাষায় কথা বললে ওরাও বলবে।’
রানার চাকরিজীবন শুরু হয় হোটেলে কাজের মধ্য দিয়ে। ওখানে রানা গ্লাস-প্লেট ধোয়া-মোছার কাজ করত। সেখানেও রানাকে মার খেতে হয়েছে, বাদ যেত না কানমলাও। কোনো দিন যদি একটা গ্লাস বা প্লেট ভেঙেছে, সেদিনই রানার জন্য ভয়ংকর দিন ছিল। হোটেলের ম্যানেজার ভীষণ মার দিত। রানা বলে, ‘সে কথা মনে পড়লে এখনো ডর লাগে।’
তবে রানা স্বপ্ন দেখে, একদিন বড় একটি হোটেলের মালিক হবে। সেখানে ফুট-ফরমাশ খাটবে অল্প বয়সী ছেলেরা। কিন্তু কাউকে মারা বা বকা দেওয়া হবে না। মাঝেমধ্যে কর্মচারীরা ছুটি পাবে খেলতে যেতে। আসলে রানা তার অপূর্ণ ইচ্ছাগুলোই হয়তো বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে তো দোষ নেই।