‘মায়াবী রাতে’ সুরের মায়া
নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) ২৪ মে হয়ে গেল নবীন দুই শিল্পী শামা সিদ্দিকী ও কামরুজ্জামান নাহিদের সংগীতানুষ্ঠান। গানে গানে শ্রোতাদের মন ছুঁয়ে যান নবীন এই দুই শিল্পী। ‘মায়াবী রাতে’ শিরোনামে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ দিলরুবা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শুভ্রা সেনগুপ্তা ও মাহমুদা সিদ্দিকী। শুরুতেই ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নিয়ে মঞ্চে আসেন শামা সিদ্দিকী। এরপর তিনি একে একে পরিবেশন করেন ‘কে বাঁশি বাজায় রে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘কাল সারা রাত’ ও ‘মায়াবী এ রাতে’। এ ছাড়া তিনটি হিন্দি গান পরিবেশন করেন শ্যামা সিদ্দিকী। এরপর মঞ্চে আসেন আরেক শিল্পী কামরুজ্জামান নাহিদ ‘মা’ গানটি নিয়ে। ‘অন্তরেতে বসত কইরা’, ‘মনের মানুষ’ ও ‘স্বাধীনতা’ এ তিনটি গান পরিবেশন করে তিনি দর্শকদের সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যান। নবীন এ দুই শিল্পীর একক পরিবেশনা শেষে শুরু হয় দ্বৈত পরিবেশনা। তাঁরা ‘এখানে দুজনে’ গানটি দিয়ে শুরু করে একে একে পরিবেশন করেন ‘কাভি আসু’, ‘এর বেশি ভালোবাসা যায় না’সহ কয়েকটি গান। আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় পুরো এই আয়োজন সরাসরি সম্প্রচার করে ‘রেডিও অথৈ’।