'মায়েদের আত্মত্যাগের ফসল আজকের সভ্যতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত মায়েদের সঙ্গে ক্লাব কর্মকর্তারা
রোটারি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত মায়েদের সঙ্গে ক্লাব কর্মকর্তারা

তাঁরা সবাই মা। মা দিবসের সম্মাননা অনুষ্ঠানে সন্তানের জন্য নিজেদের সীমাহীন আত্মত্যাগের কথা তুলে ধরলেন। তবু সমাজ ও রাষ্ট্রের কাছে কোনো দাবি নেই তাঁদের। সন্তানের সাফল্যই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি।
৮ মে বিশ্ব মা দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট–এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মায়েরা। স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে নগরের ১০ জন বিশিষ্ট মাকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। মায়েদের কথা দিয়ে শুরু হওয়া এই আয়োজনে ছিল সম্মাননা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে বিকেল পাঁচটায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট–এর প্রেসিডেন্ট মির্জা মুনিরুল হক। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভ্য হাসিনা আকতার, জাহাঙ্গীর চৌধুরী ও কামরুল ইসলাম।
সংবর্ধনা পাওয়া মায়েদের মধ্যে বক্তব্য দেন নাহার এগ্রো গ্রুপের চেয়ারম্যান শামসুন নাহার, প্রাক্তন শিক্ষিকা লায়লা বেগম, লেকভ্যালি মহিলা সমিতির সভাপতি আয়শা কামাল ও রোটারিয়ান সালমা মনি। কবিতা পাঠ করে শোনান শাহেদা বেগম।
শামসুন নাহার বলেন, সন্তানের সঙ্গে মায়ের নিবিড় সম্পর্ক তৈরি না হলে পারিবারিক বন্ধন শিথিল হয়। এ ক্ষেত্রে মায়েদের সচেতন হতে হবে।
আয়শা কামাল বলেন, সমাজে মায়ের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হলে আগে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীর স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। তবেই ভবিষ্যৎ প্রজন্ম ভালো ও শিক্ষিত মা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট–এর সদস্য এ টি এম জাফরুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন আহমেদ, জয়নুর রশীদ, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, মঈন উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের নেতৃবৃন্দ সংবর্ধিত মায়েদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন।