করপোরেট ব্যাংকিং প্রধান, এইচএসবিসিএকটি দেশ-জাতি-গোষ্ঠীর বর্তমানের অগ্রযাত্রার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকে তার অতীত ইতিহাস-ঐতিহ্য-সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের দেশ ও জাতির জীবনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এমনই এক গৌরবময় ঘটনা, যা সময়ের গণ্ডিকে অতিক্রম করে পরিণত হয়েছে চিরকালীনতায়। প্রত্যেক কালে, প্রত্যেক জাতির জীবনে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মানুষ নানা রকম অবদান রেখেছেন। কেউ উদ্ভাবন করছেন, কেউ অবদান রেখেছেন সৃজনশীল কর্মে, সুকুমার বৃত্তিতে, উৎপাদনে, চিন্তনে। এভাবেই নানা জনের অবদানে সমাজ এগিয়ে যায়। আমাদের মুক্তিযুদ্ধও তেমনি এ দেশের বীর সন্তানদের এক অবিস্মরণীয় অবদান। দীর্ঘ নয় মাস জীবন পণ করে অসম সাহসী সংগ্রামের মধ্য দিয়ে তাঁরা জাতির জন্য যে স্বাধীনতা অর্জন করেছেন, তা অতুলনীয়। বাঙালি প্রজন্মের পর প্রজন্ম এ নিয়ে গর্ব করবে। কারণ, দেশ স্বাধীন না হলে আজ আমরা ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিক বা সামষ্টিকভাবে যে যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। ইতিহাসের প্রক্রিয়া চলমান রাখার জন্যই মুক্তিযুদ্ধের এই বীরযোদ্ধাদের সংগ্রামগাথা গ্রন্থনার অত্যন্ত প্রয়োজন ছিল। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ঋণ কোনো দিন শোধ হবার নয়। তাঁদের অবদানের কথা সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথম আলো এই বই প্রকাশের যে উদ্যোগ নিয়েছে, তা খুবই তাৎপর্যপূর্ণ। প্রথম আলোর এই কাজে এইচএসবিসি অত্যন্ত আনন্দের সঙ্গে সহায়কের ভূমিকায় অংশ নিয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খেতাব পাওয়া বীর মুক্তিযোদ্ধারা। তাঁদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে সব মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে সহায়তাকারী সবার প্রতি সম্মান জানানো হয়েছে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে শহীদ ও প্রয়াত ব্যক্তিদের। ব্যক্তিগতভাবে দেশের এই সোনার মানুষদের সামনে দাঁড়িয়ে তাঁদের সম্মান ও অভিনন্দন জানাতে পেরে আমি গৌরবান্বিত বোধ করেছি।