চট্টগ্রাম নগর ও জেলায় ২৬ মার্চ নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, শারীরিক কসরত ও চলচ্চিত্র প্রদর্শনী।
আলোচনা সভায় বক্তারা বলেন, এখনো তরুণদের নানাভাবে বিভ্রান্ত করছে পাকিস্তানিদের দোসররা। এসব বিভ্রান্তি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের কাছে।
প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো খবর:
আইসিএবি: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক প্রেসিডেন্ট শওকত হোসেন, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোদ্দাসের আহমেদ সিদ্দিকী, বিএসআরএমের প্রধান আর্থিক কর্মকর্তা শেখর রঞ্জন কর, কনফিডেন্স সল্টের ব্যবস্থাপনা পরিচালক সাদিউল ইসলাম প্রমুখ। স্মৃতিচারণায় অংশ নেন শওকত হোসেন, জি সি পাল ও এস কে বসাক। কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তাঁরা।

সাতকানিয়া: উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা

সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলার মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী প্রমুখ।
চকরিয়া ও পেকুয়া: চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল আটটায় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মুক্তিযুদ্ধ–বিষয়ক নানা পরিবেশনা প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
পেকুয়ায় ভোরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পেকুয়ার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলার আলোচনা সভা জেলার সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সেলিম সাজ্জাদের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এম এম কাসেম, নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মুরাদুল আলম চৌধুরী, সমীর কুমার দে, ওয়াহিদুল আলম প্রমুখ। এর আগে নেতারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা নগরের প্রবর্তক মোড় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। প্রধান অতিথি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হলে বলা যাবে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। অস্ত্র কাঁধে নিয়ে ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি, এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সংগ্রাম করতে হচ্ছে। তরুণ প্রজন্ম সেই যুদ্ধে লড়াকু সৈনিক হয়ে সুনাম কুড়াবে।’
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্রেজারার সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ, মুক্তিযোদ্ধা সাঈদ মুহিবুদ্দিন মুহাম্মদ তৌফিক প্রমুখ।

কক্সবাজার: সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের শুরু হয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক প্রমুখ।
দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উদীচী, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, ঝিনুক মালা খেলাঘর আসর, হৈমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীসহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
বিকেলে শহরের শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালার উদাল বাগান উচ্চবিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দেয়ালিকা প্রদর্শন করে। জাগরণ, অগ্রদূত, সমারোহ, বিজয়-৭১ ও স্বাধীনতার গৌরব নামে পাঁচটি দেয়ালিকা প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের ভাবনা, নিজেদের লেখা ছড়া-কবিতা ও গল্প স্থান পায়। দেয়ালিকা উন্মোচন করেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা। এ ছাড়া বিদ্যালয়ে ছিল নানা আয়োজন—মুক্তিযুদ্ধ–বিষয়ক চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। সকালে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনন্দ মোহন চাকমা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানো ও সাহিত্যচর্চার জন্য দেয়ালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি জাতীয় দিবসে শ্রেণিভিত্তিক দেয়ালিকা প্রকাশ করা হবে।