'মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়বে তরুণ প্রজন্ম'

‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়বে তরুণ প্রজন্ম। স্বপ্ন দেখবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশের। নাগরিক হিসেবে আমাদের দায়বোধ আছে। সময় এসেছে প্রিয় মাতৃভূমিকে নিয়ে ভাবার। দেশ কতটুকু এগিয়েছে কিংবা পিছিয়েছে, তা না দেখে কে কতটুকু করলাম, তা ভেবে দেখা দরকার। তরুণেরাই পারবে সমাজ পাল্টে দিতে।’
মহান বিজয় দিবসে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে এই শপথ নিলেন শিক্ষার্থীরা। প্রত্যয় ব্যক্ত করলেন দেশপ্রেম অটুট রাখার। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে প্রবর্তক সেন্টারে দিনটি উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল নানা কর্মসূচি।
অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। পরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানসূচির শুরুতেই ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। সভাপতিত্ব করেন উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন অধ্যাপক মীর মোহাম্মদ নুরুল আবসার।

সাদার্ন বিশ্ববিদ্যালয়: বিজয় দিবস উপলক্ষে সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বিজয়ের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পাতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর সহ-উপাচার্য শরীফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ভাইস চেয়ারম্যান শফিকউদ্দিন আহমেদ।
বক্তব্য দেন সরওয়ার জাহান, আবদুল মুক্তাদীর, মহিউদ্দীন খালেদ, সামসুজ্জামান খান, ইসরাত জাহান প্রমুখ। পরে ছাত্রছাত্রীরা দেশাত্ববোধক গান ও আবৃত্তি পরিবেশন করেন।