‘জোট-মহাজোট সরকার দিয়ে এ দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি। সরকার আসে সরকার যায় কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় না। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটিয়া উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধাকালীন শাহ আলম এ কথা বলেন। ২১ সেপ্টেম্বর সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যামে সম্মেলন উদ্বোধন করা হয়। দুপুরে পটিয়া ক্লাব হলে উপজেলা সিপিবির সভাপতি মুক্তিমান বডুয়ার সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক শ্যামল দের পরিচালনায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পার্টির চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক আবদুল নবী, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক অশোক সাহা, অধ্যাপক কানাই দাশ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা তাজুল মুল্লুক, জাসদ নেতা আহমদ নুর, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পুলক দাশ, সদস্য সচিব রেজাউল করিম, যুব নেতা অলক দাশ, ছাত্র ইউনিয়ন নেতা সুজয় দে প্রমুখ। এরপর প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মীর শোভাযাত্রা পটিয়া সদর প্রদক্ষিণ করে।