‘মুক্ত’ লিবিয়ার পথের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে পাশ্চাত্য-সমর্থিত আট মাসের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটেছে লিবিয়ায়। মুয়াম্মার গাদ্দাফির টানা ৪২ বছরের শাসনের অবসান ঘটানো জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) লিবিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছে। বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত একটি নতুন লিবিয়ার স্বপ্ন দেখাচ্ছে তারা। প্রশ্ন উঠেছে, এনটিসির সেই গন্তব্য কত দূরে? আধুনিক গণতন্ত্রের অভিজ্ঞতাহীন দেশটির জন্য কতটাই বা দুরূহ হবে যাত্রাপথটি?গাদ্দাফির একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটেছে বলেই যে লিবিয়ায় খুব সহজে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তা ভাবার কোনো কারণ নেই। বস্তুত, গণতন্ত্র শিকড় গাড়া পরের কথা, শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসাটাই এখন প্রথম ভাবনার বিষয়। দেশটির সামনে পড়ে আছে রাজ্যের সমস্যা। এর মধ্যে মূল দুটি বিষয় হচ্ছে নতুন সংবিধান ও আইন প্রণয়ন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন। এ ছাড়া আরও যেসব কাজ করতে হবে তার মধ্যে রয়েছে—সহিংসতা রোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া, গোষ্ঠীগত বিভেদ দূর করে সম্প্রীতি স্থাপন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা অরক্ষিত অস্ত্র নিয়ন্ত্রণে আনা, যুদ্ধে ব্যাপকভাবে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণ, সর্বোপরি তেলসহ রাষ্ট্রীয় সম্পদ সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসা। গাদ্দাফি-পরবর্তী লিবিয়ার মূল রাষ্ট্রপরিচালনার নীতি কী হবে তা ছিল একটি বড় উদ্বেগের বিষয়। এনটিসি এ বিষয়ে গত রোববার যে প্রাথমিক ঘোষণা দিয়েছে, তা দেশি-বিদেশি উদারপন্থীসহ অনেকের কপালেই ভাঁজ ফেলেছে। গত রোববার এনটিসির চেয়ারম্যান মুস্তফা আবদুল জলিল ঘোষণা করেন, মুক্ত লিবিয়ার শাসনের মূল ভিত্তি হবে শরিয়া আইন। তাঁর এ বক্তব্যের কারণে গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের শাসন প্রতিষ্ঠার আশঙ্কা করছেন অনেকে। এ ব্যাপারে পাশ্চাত্যের প্রতিক্রিয়ার একটা আভাস পাওয়া যায় ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের কথা থেকে। অ্যাশটন বলেছেন, লিবিয়ায় শরিয়া আইন চালু হলে তা অবশ্যই করতে হবে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে। পরে অবশ্য এনটিসির নেতা মুস্তফা আবদুুল জলিল এ নিয়ে উদ্বেগ নিরসনে সচেষ্ট হন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্র্রদায়কে এ কথা বলে আশ্বস্ত করতে চাই যে লিবিয়ার মানুষ মুসলিম হলেও তারা মধ্যপন্থী।’লিবিয়ার সাধারণ মানুষ ‘মধ্যপন্থী মুসলিম’ হলেও এনটিসির মধ্যকার ইসলামপন্থীদের তৎপরতা মুস্তফা জলিলের বক্তব্যের সঙ্গে কতটা সংগতিপূর্ণ হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। লিবিয়ায় তাৎক্ষণিকভাবে যে কাজটি করতে হবে, তা হচ্ছে সহিংসতা বন্ধে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া। গৃহযুদ্ধ চলাকালে দুই পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছে। বিদ্রোহীদের হাতে সির্তের পতনের পর ব্যাপক প্রতিশোধমূলক তৎপরতার আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষকেরা। গাদ্দাফি নিহত হওয়ার পর সির্ত শহরের একটি পরিত্যক্ত হোটেলে পচন ধরা ৫৩টি লাশ আবিষ্কার করেন মানবাধিকার কর্মীরা। তাঁরা গাদ্দাফির সমর্থক ছিল বলে ধারণা করা হচ্ছে। এনটিসিকে এ ধরনের ‘গণহত্যা’ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আশঙ্কা করা হচ্ছে, এনটিসির যোদ্ধারা প্রতিশোধ নিতে গাদ্দাফির সমর্থকদের এভাবে নিপীড়ন বা হত্যা করতে থাকলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ক্রমে ছড়িয়ে পড়বে। যুদ্ধের পরিণতিতে লিবিয়াজুড়েই ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের অস্ত্র। এসব খুব দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে মজুদ করতে হবে। যথাযথভাবে এ ব্যবস্থা না নিতে পারলে অস্ত্র বেহাত হয়ে চলে যাবে দুর্বৃত্তের কাছে। অনেক বিশ্লেষকের মতে, এর পরিণাম হতে পারে সদ্যসমাপ্ত যুদ্ধের চেয়েও ভয়াবহ। এই অস্ত্র উদ্ধার করাটা অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে। আরেকটি কঠিন কাজ হচ্ছে বিদ্রোহী যোদ্ধাদের এক কাতারে দাঁড় করানো। এনটিসির যোদ্ধারা এত দিন বিভিন্ন আঞ্চলিক ব্রিগেডের অধীনে কাজ করেছে। সবার লক্ষ্য ছিল গাদ্দাফিকে উৎখাত করা। কিন্তু এখন এসব যোদ্ধার মধ্যে নিজস্ব মতাদর্শ নিয়ে বিভেদ দেখা দিতে পারে। নিজ নিজ গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রবণতা সৃষ্টি করতে পারে নতুন অশান্তির।সাংবাদিকদের তথ্য অনুযায়ী রাজধানী ত্রিপোলি এত দিন অন্যান্য শহরের চেয়ে নিরাপদ ছিল। কিন্তু এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সশস্ত্র যোদ্ধারা ফিরতে শুরু করেছেন। তাঁদের অনেকে গাদ্দাফি সমর্থকদের ফেলে যাওয়া বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছেন। যুদ্ধের আগে এসব যোদ্ধার মধ্যে অনেকেই ছিলেন বেকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিবিসির একজন সাংবাদিক মন্তব্য করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন এনটিসির ব্রিগেডগুলোর ওপর নির্ভর না করে পুলিশের কার্যক্রম আবার চালু করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এনটিসির নির্বাহী বোর্ডের প্রধান ও প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল সম্প্রতি স্থানীয় নিরাপত্তা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন। যেসব যোদ্ধা অস্ত্র ফেরত দিতে চাইবেন না, তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করবে এসব প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, লিবিয়ার জন্য এখন এনটিসির সব ব্রিগেডের সমন্বয়ে একটি জাতীয় সেনাবাহিনী গঠন অপরিহার্য বিষয়। তবে এটি এক কঠিন চ্যালেঞ্জও বটে। এর আগে প্রয়োজন গাদ্দাফি যুগের ভারী অস্ত্রগুলো উদ্ধার করা। এসব অস্ত্র লিবিয়াকে শিগগিরই অবৈধ অস্ত্রের এক বড় বাজারে পরিণত করতে পারে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অস্ত্র হচ্ছে ভূমি থেকে আকাশে ছোড়ার হাজার হাজার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র কাঁধে রেখে ছুড়তে হয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এ অস্ত্রগুলো উদ্ধারের পর ধ্বংস করার জন্য এক কোটি ১০ লাখ ডলারের একটি প্রকল্প ঘোষণা করেছে। লিবিয়ার অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি তেল। যুদ্ধের কারণে ব্যাহত তেল উৎপাদন আবার শুরু করতে হবে। যুদ্ধের আগে দেশটিতে প্রতিদিন গড়ে ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন হতো। এখন তা কমে চার লাখ ৩০ হাজার ব্যারেলে নেমে এসেছে। তেল উৎপাদন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হলে তেলক্ষেত্রগুলোতে এগুলোর পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোর অবিলম্বে ফিরে আসা জরুরি। তবে কাজ যে খুব তড়িঘড়ি শুরু হবে, সে সম্ভাবনা ক্ষীণ। কারণ, যুদ্ধের সময় এসব তেলক্ষেত্রে ব্যাপক লুটতরাজ চলেছে। বোমায় ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক। এই ক্ষতি পুষিয়ে নিতে সময় লাগবে। এ ছাড়া নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং মালিকানা নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব বিদেশি কোম্পানিগুলোকে স্বাভাবিকভাবে কাজ করতে কতটা সুযোগ দেবে, তা দেখার বিষয়। তেল কোম্পানিগুলো আগে যেমন সরাসরি কর্মী নিয়োগের সুযোগ পেত, সেটি এখন প্রশ্নের মুখে পড়তে পারে। তেল কোম্পানিগুলোর কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে তেল উৎপাদনের বিষয়টি স্বাভাবিক হয়ে উঠতে ঠিক কতটা সময় নেবে, এখনই তা বলা যাচ্ছে না। যুদ্ধের কারণে লিবিয়ায় অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সামলাতেও পরবর্তী সরকারকে অনেক ধকল পোহাতে হবে। যুদ্ধের শেষ পর্যায়ে লিবিয়ায় মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। দেখা দেয় খাদ্যসংকট। এসব সমস্যা ধীরে ধীরে কেটে যাচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে এ ক্ষেত্রেও সময় লাগবে। যেকোনো সমস্যা মোকাবিলার অন্যতম চাবিকাঠি হচ্ছে পর্যাপ্ত তহবিল। এনটিসি জানিয়েছে, তাৎক্ষণিক সহায়তা হিসেবে এখন তাদের ২৫০ কোটি ডলার প্রয়োজন। বিদেশে লিবিয়ার প্রায় পাঁচ হাজার ৩০ কোটি ডলারের অর্থসম্পদ জব্দ হয়ে অচল পড়ে আছে। এ অর্থ সচল হতে সময় লাগবে। জাতিসংঘের একটি মঞ্জুরি কমিটি অবশ্য ওই অচল সম্পদ থেকে ৫০ কোটি ডলার ছাড়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। বড় অঙ্কের অর্থ আটকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। লিবিয়ার সংকট সমাধানে আফ্রিকান ইউনিয়নের কূটনৈতিক সমাধানের উদ্যোগে তারাই নেতৃত্ব দিয়েছিল। দেশটিতে লিবিয়ার ১০০ কোটি ডলার রয়েছে। তারা বলছে, আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় ‘যথাসময়ে’ এই অর্থ লিবিয়াকে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে এই ‘যথাসময়’ যত তাড়াতাড়ি আসে ততই লিবিয়ার বাঁচোয়া।  বিভিন্ন বার্তা সংস্থা অবলম্বনে