'মুখ খারাপ, মন ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠ দেখতে যেমন সুদর্শন, তেমনি সজ্জন প্রাণবন্ত মানুষ। ঘনিষ্ঠ বন্ধুমহলে তিনি ‘গাইল (গালি) সোলায়মান’ নামে পরিচিত। আড্ডার মেজাজে থাকলে ঠাট্টার ছলে খিস্তিখেউর করার অভ্যাসের কারণে এই পদবি জুটেছে তাঁর।
তবে রাগের মাথায় হোক বা খুশির বহিঃপ্রকাশ হিসেবেই হোক এক-আধটু গালিগালাজ করার অভ্যাস এ অঞ্চলের রাজনৈতিক নেতাদের দীর্ঘদিনের। তাতে যার উদ্দেশে এই ‘বাণী বিতরণ’ করা হয়, তিনি হয়তো কখনো মনঃকষ্ট পান, কিন্তু সে কষ্ট দীর্ঘস্থায়ী হয়েছে এমন তথ্য আমাদের জানা নেই। একসময়কার জনপ্রিয় রাজনৈতিক নেতা ও স্বাধীনতার অন্যতম সংগঠক জহুর আহমদ চৌধুরীর মুখে নাকি সব সময় গালিগালাজের ফোয়ারা ছুটত। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ একজন অভিযোগ করলে তিনি জহুর আহমদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন। শুনে জহুর আহমদ নাকি বঙ্গবন্ধুকে বলেছিলেন, ‘ কোন... (উচ্চারণের অযোগ্য) ফোয়া বলেছে আমি গালিগালাজ করি?’ শুনে বঙ্গবন্ধু হেসেছিলেন, যা বোঝার বুঝে নিয়েছিলেন তিনি। এই কথোপকথনের বাস্তব কোনো ভিত্তি আছে কি না জানা নেই, তবে চট্টগ্রাম অঞ্চলে এই গল্প প্রচলিত আছে দীর্ঘদিন ধরে।
তবে গালিগালাজ বা খিস্তি করার অভ্যাসটা শুধু চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক নেতাদের বৈশিষ্ট্য মনে করলে তাঁদের প্রতি অবিচার করা হবে। শেরেবাংলা এ কে ফজলুল হক বরিশাল অঞ্চলের মানুষ। তাঁর মুখনিঃসৃত এ ধরনের অনেক ‘বাণী’ এখনো মানুষ স্মরণ করে নির্মল আনন্দ লাভ করেন। খ্যাতিমান লেখক তপন রায় চৌধুরীর বই থেকে একটি উদ্ধৃতি দেওয়ার লোভ সামলাতে পারছি না। ফজলুল হকের দলবদল নিয়ে বিরক্ত এক বন্ধু একবার তাঁকে বলেছিলেন, ‘ফজলু, তর লাইগ্গা ভদ্দর সমাজে আর মুখ দ্যাহান যায় না।’ হক সাহেব বাল্যবন্ধুর দিকে একবার তাকালেন। তারপর বললেন, ‘হেইলে তো তর বড় মুশকিল! ভদ্দর সমাজে মুখ দেহাইতে পারিস না? তয় হোগাটা দেহাইস।’
এই রাজনীতিকদের সঙ্গে তৃণমূলের মানুষের প্রকৃত ভালোবাসার সম্পর্ক ছিল। তাই তাঁরা গালাগালি যেমন করতেন, তেমনি বুকে জড়িয়ে নিয়ে গলাগলিও করতে পারতেন। এই নেতাদের সম্পর্কে তাই সাধারণ মানুষের মূল্যায়ন হলো, ‘মুখ খারাপ, মন ভালো।’
চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর গালিগালাজ করার অভ্যাসের কথা তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছেন তাঁরা প্রায় সকলেই জানেন। এ নিয়ে অনেক রসিকতাও চালু আছে। তবে এই গালিগালাজের জোরে নাকি তিনি অনেক কাজ আদায় করে নিতে পারতেন। সিটি করপোরেশনের মেয়র থাকাকালে এখানকার কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো কাজে গাফিলতি করলে নাকি তিনি ‘চ’ বর্গীয় শব্দে এমন গালিগালাজ শুরু করতেন, ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তির আর আশঙ্কা থাকত না।
যাই হোক, দিন এখন পাল্টেছে। সমাজের রুচি ও সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে। আমাদের প্রধান দুই মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম ও আ জ ম নাছির কখনো কেউ প্রকাশ্যে মুখ খারাপ করতে দেখেননি। অবশ্য রসিকজনেরা বলেন, ‘যত যা-ই হোক তাঁরা চট্টগ্রামের মানুষ, ওই “শব্দগুলো” তাঁদের না জানার কথা নয়, প্রয়োজন মতো নিশ্চই ব্যবহারও করতে পারবেন।’
দেখে শুনে মনে হচ্ছে, মুখ খারাপ না ভালো সেটা নিয়ে ভাবছেন না ভোটাররা বরং কে নগরের উন্নয়ন করতে পারবেন, কাজ আদায় করে নিতে পারবেন সেটাই এখন তাঁদের দেখার বিষয়।