'মুমিনুলের চেয়ে ওর ব্যাটটা বড়!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জাতীয় অঙ্গনে নানা ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চট্টগ্রামের তরুণেরা। এই তরুণ তুর্কিদের পাঠকের সামনে আবারও নিয়ে আসছে আমার চট্টগ্রাম। পড়ুন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হকের উঠে আসার গল্প

কক্সবাজার থেকে জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন মুমিনুল হক। ছোটখাটো গড়নের মুমিনুল মাঠে নামলে দ্যুতি ছড়ায় তাঁর ব্যাট l ফাইল ছবি
কক্সবাজার থেকে জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন মুমিনুল হক। ছোটখাটো গড়নের মুমিনুল মাঠে নামলে দ্যুতি ছড়ায় তাঁর ব্যাট l ফাইল ছবি

সাকিব আল হাসানের কথাটা কি মনে আছে মুমিনুল হকের?
প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১৪-এর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মুমিনুল। মঞ্চে বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে দারুণ রসিকতায় মেতে উঠেছিলেন সাকিব, ‘মুমিনুলের চেয়ে ওর ব্যাটটা বড়!’

কথাটা প্রতীকীও ভাবতে পারেন। উচ্চতায় যা–ই হোন, তাঁর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের ছায়া কিন্তু অতি দীর্ঘ। ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চির এই মুমিনুলের ভেতরই লুকিয়ে বিস্ফোরণের সব রসদ, যা সুদূরতম কল্পনাতেও থাকে না প্রতিপক্ষের বোলারদের। বাংলাদেশ দলের এই বাঁহাতি ব্যাটসম্যান যখন ২২ গজে নামেন, মানুষ অপেক্ষায় থাকে তাঁর সৌন্দর্যে ভরা সব ড্রাইভ, শৌর্যময় পুল আর সাহসিকতার নিপুণ প্রদর্শনীতে একেকটি লফটেড শট দেখতে। আন্তর্জাতিক আঙিনায় পা রাখার পর মুমিনুল গত তিনটি বছর ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন; সাদা পোশাকে দলকে উপহার দিয়েছেন রঙিন সব মুহূর্ত। এগিয়ে চলেছেন একেকটি সাফল্যের সিঁ‌িড় ভেঙে। ১৯ টেস্টে ৫১.৬৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরিতে ১৫৫০ রান বলে দিচ্ছে মুমিনুল এগোচ্ছেন ঠিক পথেই।

কিন্তু এত দূর আসার পথটা কি এতটাই সহজ ছিল মুমিনুলের? পেছন ফিরে তাকালে তাঁর চোখে সেই ছবিটা ভেসে উঠবে নিশ্চিত। কক্সবাজার জেলা স্টেডিয়ামের গ্যালারির রেলিং ধরে দাঁড়িয়ে আছেন বন্ধু আরিফের সঙ্গে। ১৩ কি ১৪ হবে তখন বয়স তাঁর। বিকেএসপির ক্যাম্প চলছিল মাঠে। বিকেএসপিতে ভর্তি হওয়ার স্বপ্ন তখনই জাগে মানে। স্বপ্নটা পূরণ করতে অনেক কাঠখড়ই পোড়াতে হয়েছিল কক্সবাজারের বৈদ্যরকোনার ছেলে মুমিনুলকে।

পরীক্ষার আগেই বাদ পড়েছিলেন মুমিনুল! তখন ন্যূনতম উচ্চতা লাগত ৪ ফুট ১০ ইঞ্চি। তাঁর ছিল ৪ ফুট ৭। পরের বছর পরীক্ষা দিতে নিতে থাকলেন দীর্ঘ প্রস্তুতি। সাইকেল চালালেই লম্বা হওয়া যায়—এই ধারণাতে নিয়মিত সাইকেল চালাতে শুরু করলেন। পরের বছর যখন পরীক্ষা দিতে গেলেন উচ্চতা তখন ৫ ফুট। অবশেষে সুযোগ পেলেন বিকেএসপিতে।

বিকেএসপিতে ভর্তি হওয়াটাই যে জীবনের গুরুত্বপূর্ণ বাঁকবদল, কদিন আগেও সেটি বলছিলেন মুমিনুল, ‘সত্যি বলতে কি, কক্সবাজারে থাকলে ক্রিকেট খেলাটা হয়তো এভাবে হতো না। বিকেএসপিতে ভর্তি হওয়ার কারণে ক্রিকেটের সঙ্গে ভালোভাবে জড়িয়ে যেতে পেরেছি।’

কিন্তু সবার তো বিকেএসপিতে পড়ার সুযোগ হয় না। তাঁরা কীভাবে উঠে আসবে কক্সবাজারের মতো দূরবর্তী জনপদ থেকে? মুমিনুল কিছু উপায় বাতলে দিচ্ছেন, যাদের বিকেএসপিতে পড়া সম্ভব হয় না, তার মানে এই নয় যে সে উঠে আসতে পারবে না। অবশ্যই লেগে থাকতে হবে। কক্সবাজারে এখন একাডেমি হয়েছে। উঠে আসার পথটা আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে।

মুমিনুল মনেপ্রাণেই বিশ্বাস করেন, সাফল্যের জন্য ভৌগোলিক অবস্থানটা গুরুত্বপূর্ণ নয়; পরিশ্রমই শেষ কথা, যেটি পাল্টে দেয় জীবনের গতিপথ, ‘আপনি যদি জঙ্গলেও থাকেন, কষ্ট করলে, স্বপ্ন দেখলে একদিন সেখান থেকেও উঠে আসা যায়। নিজের ভেতর ওই বিশ্বাস, ভীষণ পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে সব সময়ই।’

মুমিনুলের কথার মর্মার্থ নিশ্চয়ই বুঝতে পারছেন। মনে যদি থাকে প্রত্যয়, চোখে বিরাট স্বপ্ন; দুর্গম পথ পাড়ি দিতে তবে কিসের ভয়?